২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মাদেইরা দ্বীপে বন্যায় মৃতের সংখ্যা ৪২, ব্যাপক উদ্ধার তৎপরতা

পর্তুগালের মাদেইরা দ্বীপে প্রবল বর্ষণজনিত বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪২। নিখোঁজদের সন্ধানে ব্যাপক উদ্ধার তৎপরতা চলছে। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশংকা করা হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Feb 2010, 05:56 AM

Updated : 24 Aug 2022, 07:00 PM

ফুনচাল, পর্তুগাল, ফেব্র"য়ারি ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পর্তুগালের মাদেইরা দ্বীপে প্রবল বর্ষণজনিত বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪২। নিখোঁজদের সন্ধানে ব্যাপক উদ্ধার তৎপরতা চলছে। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশংকা করা হচ্ছে। কর্মকর্তারা রোববার জানান, পর্তুগীজ উদ্ধারকারীরা ধ্বংসস্তুপের মধ্যে সন্ধান তৎপরতা চালিয়ে যাচ্ছে। আঞ্চলিক পর্যটন ও পরিবহন সচিব কনসেইকাও এসতুদানেট জানান, তার জানামতে চারজন নিখোঁজ রয়েছে। ফুনচালের মেয়র মিগুয়েল আলবুকুয়ারক জানান, নগরীর বেশ কিছু এলাকা মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক এলাকায় পানির স্রোত যানবাহন এমনকি বাড়িঘর পর্যন্ত ভাসিয়ে নিয়ে গেছে। গাছপালা উপড়ে পড়েছে এবং মাটি ধসে রাস্তা বন্ধ হয়ে গেছে। কর্মকর্তারা জানান, লিসবন থেকে প্রায় এক হাজার কিলোমিটার দূরে জনপ্রিয় পর্যটন কেন্দ্র মাদেইরা দ্বীপে অনেক এলাকায় যোগাযোগ বন্ধ হয়ে গেছে। প্রবল বৃষ্টিপাতের ফলে বন্যা ও ভুমিধসে শনিবার মাদেইরা দ্বীপ লণ্ডভণ্ড হয়ে যায়। মাদেইরার রাজধানী ফুনচালে আঞ্চলিক নাগরিক সুরক্ষা বিভাগের উপপ্রধান পেদ্রো বারবোসা জানান, বন্যা ও ভূমিধসে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ফুনচাল ও রিবেইরা এলাকা। এই এলাকায় ৩২ জন মারা গেছে। অনেক লোক নিখোঁজ রয়েছে। বহু লোক ঘরবাড়ি হারিয়েছে। আহত হয়েছে ১২০ জন। বহু লোক আশ্রয়হীন হয়ে পড়েছে। আঞ্চলিক সরকার প্রধান আলবার্তো জোয়াও জার্দিম জানান, হাসপাতালের জরুরি বিভাগে ৬৮ জনকে ভর্তি করা হয়েছে। আঞ্চলিক সরকার ঘরবাড়ি হারানো লোকদের জন্য অস্থায়ী আশ্রয়কেন্দ্র স্থাপন করছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেএমএস/১১৪৬ঘ.