ইন্দোনেশিয়া, ফেব্রুয়ারি ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ইন্দোনেশিয়ায় স্থানীয় লোকজনের প্রতিবাদের মুখে রাজধানী জাকার্তার সেন্ট্রাল পার্ক থেকে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার শিশু প্রতিমূর্তি অন্য জায়গায় সরানো হয়েছে।
'লিটল ওবামা' নামে ওবামার ১০ বছর বয়সের ওই ব্রোঞ্জ মূর্তিটি গত বছর মেনটেং পার্কে নির্মাণ করা হয়েছিল। ওই শহরে ছোটবেলায় ওবামার চার বছর কাটানোর স্মৃতি স্মরণেই এ মূর্তি গড়া হয়।
কিন্তু নেটওয়ার্কিং ওয়েবসাইট ফেসবুকে একটি গ্র"প ওই মূর্তি নামিয়ে ফেলার দাবি জানায় এবং এর কর্মীরা মূর্তিটি অপসারণের দাবিতে একটি মামলাও করে।
গ্র"পটিকে সমর্থন দিয়েছে ৫৭ হাজারেরও বেশি মানুষ। তাদের যুক্তি, ওবামা এমন কিছুই করেননি যাতে তিনি এ মর্যাদা পেতে পারেন।
ফেসবুক প্রচারাভিযানের সামনের সারিতে থাকা নুগ্রেহো বলেন, " আমি ব্যক্তিগতভাবে তার প্রশংসা করি। তিনি আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। কিন্তু তাতেই পার্কে তার মূর্তি শোভা পাওয়া উচিত এমন মনে করি না। বিশ্ববাসী যতই জানুক যে তিনি আমেরিকার প্রেসিডেন্ট, কিন্তু তিনি ইন্দোনেশিয়ার কি করেছেন? এদেশে তার অবদান কি?"
ওবামার মূর্তিটি এখন স্থাপন করা হচ্ছে স্থানীয় একটি প্রাইমারি স্কুলে। যে স্কুলে ওবামা ছোটবেলায় পড়াশুনা করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২১৫৬ ঘ.
bdnews24