ফুনচাল, পর্তুগাল, ফেব্র"য়ারি ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পর্তুগালের মাদেইরা দ্বীপে প্রবল বর্ষণজনিত বন্যা ও ভূমিধসে নিহতের সংখ্যা ৪০ জনে দাঁড়িয়েছে। কর্মকর্তারা রোববার একথা জানিয়েছেন।
পানির স্রোতে গাছপালা উপড়ে পড়েছে, সেতু ভেসে গেছে, মাটি ধসে ও পাথর পড়ে রাস্তা বন্ধ হয়ে গেছে।
কর্মকর্তারা জানান, লিসবন থেকে প্রায় এক হাজার কিলোমিটার দূরে জনপ্রিয় পর্যটন কেন্দ্র মাদেইরা দ্বীপে অনেক এলাকায় যোগাযোগ বন্ধ হয়ে গেছে।
উদ্ধারকর্মীরা বুলডোজার নিয়ে ধ্বংসস্তুপ থেকে আরও মৃতদেহ উদ্ধারের চেষ্টা চালাচ্ছে। স্যোশাল অ্যাফেয়ার্স বিষয়ক আঞ্চলিক সেক্রেটারি ফ্রান্সিস্কো রামোস সাংবাদিকদের বলেছেন, আমরা ৪০ জনের মৃত্যু সম্পর্কে নিশ্চিত হয়েছি।
রাষ্ট্র পরিচালিত বার্তা সংস্থা লুসা রামোসের উদ্ধৃতি দিয়ে একথা জানিয়েছে। তিনি বলেন, আমরা মৃতদেহ অনুসন্ধান কাজ চালিয়ে যাব। তবে মৃতের সংখ্যা আর বাড়বে না বলে আশা প্রকাশ করেন তিনি। বন্যায় নিখোঁজ হয়ে যাওয়া মানুষের সংখ্যা কত তা জানাতে পারেননি রামোস।
মাদেইরার রাজধানী ফুনচালে আঞ্চলিক নাগরিক সুরক্ষা বিভাগের উপপ্রধান পেদ্রো বারবোসা জানান, বন্যা ও ভূমিধসে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ফুনচাল ও রিবেইরা এলাকা। এই এলাকায় ৩২ জন মারা গেছে। অনেক লোক নিখোঁজ রয়েছে। বহু লোক ঘরবাড়ি হারিয়েছে। আহত হয়েছে ১২০ জন এবং অস্থায়ী আশ্রয়শিবিরে রাত কাটিয়েছে ৩০০ মানুষ।
তিনি রয়টার্সকে বলেন, দুর্যোগপূর্ণ আবহাওয়া কেটে যাচ্ছে এবং ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ শুরু হচ্ছে।
আঞ্চলিক সরকার প্রধান আলবার্তো জোয়াও জার্দিম জানান, হাসপাতালের জরুরি বিভাগে ৬৮ জনকে ভর্তি করা হয়েছে। আঞ্চলিক সরকার ঘরবাড়ি হারানো লোকদের জন্য অস্থায়ী আশ্রয়কেন্দ্র স্থাপন করছে।
প্রধানমন্ত্রী হোসে সক্রেটিস বলেন, "এই ঘটনায় আমি বিস্মিত ও মর্মাহত।" স্বরাষ্ট্রমন্ত্রী রুই পেরেইরাকে সঙ্গে নিয়ে তিনি ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শণে গেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেএমএস/এলকিউ/১১২৪ঘ.
bdnews24