২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'দুবাই হত্যাকাণ্ডে মোসাদের জড়িত থাকার প্রমাণ মিলেছে'

দুবাইয়ে শীর্ষস্থানীয় হামাস নেতার হত্যাকাণ্ডের সঙ্গে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের জড়িত থাকার নতুন তথ্য প্রমাণ পাওয়া গেছে বলে সংযুক্ত আরব আমিরাতের একটি পত্রিকা জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Feb 2010, 01:04 PM

Updated : 24 Aug 2022, 06:57 PM

দুবাই, ফেব্রুয়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- দুবাইয়ে শীর্ষস্থানীয় হামাস নেতার হত্যাকাণ্ডের সঙ্গে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের জড়িত থাকার নতুন তথ্য প্রমাণ পাওয়া গেছে বলে সংযুক্ত আরব আমিরাতের একটি পত্রিকা জানিয়েছে। আল বাইয়ানে শনিবার প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, সন্দেহভাজন খুনিদের ক্রেডিট কার্ডের মাধ্যমে টাকা দেওয়া এবং ফোন কল থেকে মোসাদের জড়িত থাকার প্রমাণ মিলেছে। দুবাই পুলিশ ইতিমধ্যে জানিয়েছে, হত্যাকারীরা ১১টি জাল পাসপোর্ট বহন করে, যা যুক্তরাজ্যসহ ইউরোপের কয়েকটি দেশের ১১ জন নিরপরাধ ব্যক্তির। দুবাইয়ের পুলিশ প্রধান দাহি খালফান তামিমের বরাত দিয়ে আল বাইয়ান জানায়, "সন্দেহভাজন যে ১১ জনের নাম আমরা প্রকাশ করেছি, আমরা নিশ্চিত তারাই ক্রেডিট কার্ডের মাধ্যমে বিভিন্ন দেশ থেকে তাদের ভ্রমণের টিকিট কিনেছে।" এ বিষয়ে পত্রিকাটি বিস্তারিত জানায়নি। গত ২০ জানুয়ারি দুবাইয়ের এক বিলাসবহুল হোটেল কক্ষে হামাস নেতা মাহমুদ আল-মাবহোকে মৃত পাওয়া যায়। এর একদিন আগেই তিনি সংযুক্ত আরব আমিরাতে গিয়েছিলেন। দুবাই পুলিশ সন্দেহভাজন ১১ জন হত্যাকারীর ছবি প্রকাশ করেছে। বৃহস্পতিবার আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলও তাদের বিরুদ্ধে 'রেড নোটিশ' জারি করে। দুবাই পুলিশ প্রধান বৃহস্পতিবার জানান, তার বিশ্বাস এ হত্যাকাণ্ডের পেছনে মোসাদ শতভাগ না হলেও নিরানব্বই ভাগ জড়িত। তাই অভিযোগ প্রমাণিত হলে তিনি মোসাদ প্রধানকে গ্রেপ্তারের আহ্বান জানাবেন। এদিকে, যুক্তরাজ্য শুক্রবার ইসরায়েলে অবস্থানরত তাদের ছয় নাগরিককে নতুন পাসপোর্ট নেওয়ার জন্য তেল আবিবে ব্রিটিশ দূতাবাসে যোগাযোগ করতে বলেছে। এ ছয়জনের নামে পাসপোর্ট 'তৈরি' করে তা ব্যবহার করেছিলো হামাস নেতার খুনিরা। সন্দেহভাজনরা আয়ারল্যান্ড, ফ্রান্স ও জার্মানির নাগরিকদের নকল পাসপোর্টও ব্যবহার করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/এমআই/১৮৫০ ঘ.