২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নাইজারে সেনা অভ্যূত্থান, প্রেসিডেন্ট বন্দি

আফ্রিকার দেশ নাইজারে সামরিক অভ্যূত্থানে প্রেসিডেন্ট মামাদো তানজার সরকারকে ক্ষমতাচ্যুত করা হয়েছে। অভ্যূত্থানকারী সৈন্যরা প্রেসিডেন্ট তানজা ও মন্ত্রিসভার সদস্যদের আটক করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Feb 2010, 04:29 AM

Updated : 24 Aug 2022, 06:56 PM

নিয়ামি, ফেব্র"য়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আফ্রিকার দেশ নাইজারে সামরিক অভ্যূত্থানে প্রেসিডেন্ট মামাদো তানজার সরকারকে ক্ষমতাচ্যুত করা হয়েছে। অভ্যূত্থানকারী সৈন্যরা প্রেসিডেন্ট তানজা ও মন্ত্রিসভার সদস্যদের আটক করেছে। সামরিক সূত্রগুলো জানায়, সেনাবাহিনীর মেজর আদামোও হারোনার নেতৃত্বে একদল সৈন্য এই অভ্যূত্থান ঘটায়। সৈন্যরা বৃহস্পতিবার রাজধানী নিয়ামিতে প্রেসিডেন্ট প্রাসাদ ঘিরে ফেলে। প্রেসিডেন্টের অনুগত সৈন্যদের সঙ্গে প্রায় চারঘন্টা লড়াইয়ের পর অভ্যূত্থানকারীরা প্রাসাদ নিয়ন্ত্রণে নেয় এবং প্রেসিডেন্ট মামাদো তানজাকে আটক করে। লড়াইয়ে তিন সৈন্য নিহত হয়েছে। সেনাবাহিনীর একটি সূত্র জানায়, বিদ্রোহী সৈন্যরা মন্ত্রিসভার সদস্যদেরও আটক করে। প্রেসিডেন্ট ও মন্ত্রিসভার সদস্যদেরকে প্রেসিডেন্ট প্রাসাদের কাছেই একটি ব্যারাকে আটক রাখা হয়েছে। অভ্যূত্থান সফল হয়েছে বলে সেনাবাহিনীর অপর একটি সূত্র দাবি করেছে। অভ্যূত্থানকারীদের পক্ষ থেকে এ ব্যাপারে আনুষ্ঠানিকভাবে কোন ঘোষণা দেওয়া হয়নি। তবে রেডিওতে সাধারণ অনুষ্ঠানমালা বন্ধ করে সামরিক সঙ্গীত প্রচার করা হয়। বিভিন্ন সূত্র জানায়, প্রেসিডেন্ট মামাদো তানজা তার মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে প্রেসিডেন্ট প্রাসাদে বৈঠক করছিলেন। এ সময় অভ্যূত্থানকারীরা সাজোঁয়া যান নিয়ে প্রাসাদটি ঘিরে ফেলে। প্রেসিডেন্টের অনুগত সৈন্যদের সঙ্গে অভ্যূত্থানকারীদের লড়াই চলাকালে প্রাসাদ থেকে কালো ধোঁয়ার কুণ্ডলী উড়তে দেখা যায়। হাসাপাতাল সূত্র জানায়, আহত ৫ সৈন্যকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিয়ামির বাসিন্দারা জানান, রাজধানীর পরিস্থিতি শান্ত রয়েছে। অভ্যূত্থানকারীরা নগরীতে ট্যাঙ্ক মোতায়েন করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেএমএস/১০২০ঘ.