২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রের চাপে তালেবান নেতা গ্রেপ্তার হয়নি: পাকিস্তান

পাকিস্তানে শীর্ষস্থানীয় তালেবান নেতা মোল্লা আবদুল গণি বারাদারকে যুক্তরাষ্ট্রের চাপে গ্রেপ্তার করা হয়নি। বরং এর মধ্য দিয়ে সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে ইসলামাবাদের আন্তরিকতারই প্রকাশ ঘটেছে। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বৃহস্পতিবার একথা বলেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Feb 2010, 04:10 PM

Updated : 24 Aug 2022, 06:53 PM

ব্রাসেলস, ফেব্র"য়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- পাকিস্তানে শীর্ষস্থানীয় তালেবান নেতা মোল্লা আবদুল গণি বারাদারকে যুক্তরাষ্ট্রের চাপে গ্রেপ্তার করা হয়নি। বরং এর মধ্য দিয়ে সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে ইসলামাবাদের আন্তরিকতারই প্রকাশ ঘটেছে। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বৃহস্পতিবার একথা বলেছেন। বেলজিয়ামে নিরাপত্তা সম্মেলনের ফাঁকে পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি রয়টার্সকে বলেন, "আমাদের আগ্রহেই আমরা এটি করেছি।" ইস্টওয়েস্ট ইনস্টিটিউটে তিনি বলেন, "যুক্তরাষ্ট্রের চাপে পাকিস্তান পশ্চিম সীমান্তে ১ লাখ সেনা মোতায়েন করছে এবং সেনা অভিযান পরিচালনা করছে বলে কেউ মনে করে থাকলে তা ভুল।" তিনি আরও বলেন, "আমরা পাকিস্তানের তালেবানিকরণ দেখতে চাই না। " "গণি গ্রেপ্তার হওয়াটা সন্ত্রাস ও সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াইয়ে পকিস্তানের আন্তরিকতারই প্রতিফলন।" এটি ইতিবাচক পদক্ষেপ এবং বিশ্বের এর প্রশংসা করা উচিত বলেও কুরেশি মন্তব্য করেন। মোল্লা গণি বারাদার গ্রেপ্তার হওয়া সম্পর্কে এটিই পাকিস্তানের ঊর্ধ্বতন কোনও কর্মকর্তার প্রথম মন্তব্য। পাকিস্তানি নিরাপত্তা বাহিনী এবং মার্কিন গোয়েন্দা এজেন্টরা এ মাসে করাচিতে যৌথ অভিযান চালিয়ে মোল্লা গনিকে ধরতে সক্ষম হয়। পাকিস্তানে ধরা পড়া তালেবানদের মধ্যে তিনিই সবচেয়ে বড় নেতা। পাকিস্তানি সেনাবাহিনী বুধবার জানায়, আটক তালেবান নেতার বিস্তারিত পরিচয় নিশ্চিতকরণ প্রক্রিয়া শেষে নিশ্চিত হওয়া গেছে যে, তিনি মোল্লা আবদুল গণি বারাদার। সেনাবাহিনী নিরাপত্তার বিষয়টি উল্লেখ করে এ ব্যাপারে বিস্তারিত কিছু বলেনি। হোয়াইট হাউসের মুখপাত্র রবার্ট গিবস বুধবার বলেন, ওই এলাকায় আমরা যৌথভাবে যে প্রচেষ্টা চালাচ্ছি এটা তারই একটি বড় ধরনের সাফল্য। আবদুল গণি দীর্ঘদিন ধরে মোল্লা ওমরের বিশ্বস্ত সহযোগী হিসেবে কাজ করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২২১০ ঘ.