জেরুজালেম, ফেব্র"য়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- দুবাইয়ে হামাস নেতা হত্যাকাণ্ডকে কেন্দ্র করে যে রহস্যের সৃষ্টি হয়েছে তাতে নিজের পদত্যাগের কোন কারণ দেখছেন না ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান মির দাগান।
এমনকি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুও তাকে পদত্যাগ করতে বলবেন বলে তিনি মনে করেন না। দাগানের একজন ঘনিষ্ঠ বন্ধু বৃহস্পতিবার এ কথা জানান।
হামাস নেতা মাহমুদ আল মাবহুর মৃতদেহ গত ২০ জানুয়ারি দুবাইয়ের একটি হোটেলে পাওয়া যায়। এ ব্যাপারে ইসরায়েল কোন ধরনের মন্তব্য করতে অস্বীকার করে। সংযুক্ত আরব আমিরাত কর্তৃপক্ষ মাহমুদের সম্ভাব্য হত্যাকারীদের নাম প্রকাশ করে। এদের মধ্যে কয়েকজন আছে যারা ইউরোপীয় পাসপোর্টধারী এবং বাস করছিলো ইসরায়েলে।
মাহমুদ হত্যার সঙ্গে মোসাদ জড়িত বলে অভিযোগ উঠেছে। ইসরায়েল বলেছে, এই ঘটনায় মোসাদের জড়িত থাকার কোন প্রমান নেই। তবে কয়েকজন ইসরায়েলি পর্যবেক্ষক বলেছেন, এই ঘটনায় মোসাদ প্রধানকে পদত্যাগে বাধ্য করা হতে পারে।
এর আগে জর্দানে একটি হত্যাকাণ্ডে ১৯৯৭ সালে তৎকালীন মোসাদ প্রধান ড্যানি ইয়াতোমকে পদত্যাগে বাধ্য করা হয়।
ইসরায়েলি সেনাবাহিনীর সাবেক জেনারেল মির দাগান ৮ বছর ধরে মোসাদের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/কেএমএস/১৬১১ঘ.
bdnews24