পোর্ট অব প্রিন্স, ফেব্র"য়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- বিচারক মুক্তির নির্দেশ দেওয়ার পরপরই বুধবার আট মার্কিন মিশনারি হাইতি ছেড়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছে। তবে মিশনারি দলের বাকি দুই সদস্যকে তাদের বিরুদ্ধে আনা শিশু অপহরণের অভিযোগের বিষয়ে আরও জিজ্ঞাসাবাদের জন্য আটক রাখা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মুক্তি পাওয়ার পর আট মিশনারিকে পোর্ট অ প্রিন্সের বিমানবন্দরে নিয়ে যায় মার্কিন দূতাবাসের কর্মকর্তারা। এরপর তাদের তুলে দেওয়া হয় মার্কিন বিমানবাহিনীর একটি বিমানে। ওই বিমানে তারা ছেড়ে যায় ভূমিকম্প বিধ্বস্ত হাইতি।
যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, "যুক্তরাষ্ট্রের উদ্দেশে তারা হাইতি ছেড়েছে।"
গত ১২ জুন হাইতিতে আঘাত হানা প্রলয়ঙ্করী ভূমিকম্পের ১৭ দিন পর ১০ মার্কিন মিশনারি ৩৩ জন শিশু নিয়ে সীমান্ত পার হওয়ার চেষ্টা করলে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে শিশু অপহরণ এবং পাচারের চেষ্টার অভিযোগ আনা হয়।
অপরাধমূলক কোনও তথ্য প্রমাণ না পাওয়ায় বিচারক আট জনকে মুক্তির নির্দেশ দেন। তবে দলনেতা লরা সিলসবি এবং এক নারী চ্যারিসা কুল্টারকে আরও জিজ্ঞাসাবাদের জন্য আটক রাখার নির্দেশ দেন। নতুন জিজ্ঞাসাবাদে তাদের আগের হাইতি সফর সম্পর্কে জানতে চাওয়া হবে।
যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, হাইতির কর্তৃপক্ষ আটক মার্কিনিদের নিরাপত্তা নিশ্চিত করেছে এবং আমরা আশা করছি এটা অব্যাহত থাকবে।
নীল টি-শার্ট এবং লাল বেসবল ক্যাপ পরা ১৯ বছর বয়সী সিলাস থম্পসনই প্রথম মুক্তি পাওয়া মার্কিন মিশনারি। জেলখানা থেকে বেরিয়ে আসার পর তাকে জিজ্ঞেস করা হয়েছিল, কেমন বোধ করছেন? জবাবে তিনি বলেন,"বেশ ভালো।"
এরপরই মুক্তি পান তার বাবা পল থম্পসন। এরপর একে একে বাকিরা। এ সময় তাদের বেশ ক্লান্ত দেখালেও যথেষ্টই নির্ভার দেখাচ্ছিল।
তবে কেউ কেউ ছিলেন বেশ বিব্রত। এ সময় মুক্তি পাওয়া তিন নারী কান্না কাটি শুরু করেন। তবে বেশিরভাগই মোবাইল ফোনে আত্মীয় পরিজনের সঙ্গে কথা বলায় ব্যস্ত হয়ে পড়েন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/কেএমএস/১৩১৪ঘ.
bdnews24