২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লিবিয়ার এন্ট্রিভিসা বন্ধের নিন্দায় ইইউ

লিবিয়ার ২৫ টি ইউরোপীয় দেশের নাগরিকদের এন্ট্রিভিসা বন্ধের নিন্দা করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। লিবিয়া সোমবার ব্রিটেন বাদে ইইউ'র সব দেশের নাগরিকদের এন্ট্রিভিসা বন্ধের ঘোষণা দেয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Feb 2010, 10:25 AM

Updated : 24 Aug 2022, 06:52 PM

ব্রাসেলস, ফেব্র"য়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- লিবিয়ার ২৫ টি ইউরোপীয় দেশের নাগরিকদের এন্ট্রিভিসা বন্ধের নিন্দা করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। লিবিয়া সোমবার ব্রিটেন বাদে ইইউ'র সব দেশের নাগরিকদের এন্ট্রিভিসা বন্ধের ঘোষণা দেয়। নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে ইউরোপীয় কমিশনের এক মুখপাত্র বলেন, "আমরা এ পদক্ষেপের নিন্দা জানাই। কারণ ভিসা দেওয়ায় বাধাসৃষ্টিকারী এ পদক্ষেপ একতরফা, অসঙ্গতিপূর্ণ।" তিনি আরও বলেন, "একইসঙ্গে ইইউ এর সেনজেন সদস্য দেশগুলোর নাগরিকদের ভিসা বন্ধের বিষয়টি প্রকৃতই দুঃখজনক। এই দেশগুলোর নাগরিকদের ভিসার মেয়াদ থাকা সত্ত্বেও তাদেরকে তা প্রত্যাখ্যান করা হয়েছে এবং ফেরত পাঠানো হয়েছে।" লিবিয়া সোমবার ইউরোপীয় সেনজেন এলাকার ২৫ টি দেশের নাগরিকদের এন্ট্রিভিসা বন্ধের ঘোষণা দেয়। এই এলাকার কয়েকটি দেশ ইইউভুক্ত নয়। যেমন সুইজারল্যান্ড। ইইউ কমিশনের মুখপাত্র বলেন, সেনজেন ভিসা গ্র"প বৃহস্পতিবার লিবিয়ার এ পদক্ষেপ নিয়ে আলোচনায় বসবে। ভিসা বন্ধের কারণ সম্পর্কে কোনও ব্যাখ্যা দেয়নি লিবিয়া। তবে লিবিয়ায় দুই সুইস নাগরিকের বিচার এবং ২০০৮ সালে জেনেভায় গাদ্দাফির ছেলের সংক্ষিপ্ত গ্রেপ্তার ঘটনার পর থেকে দুদেশের মধ্যে কূটনৈতিক বিরোধ চলছে। লিবিয়ার এ ভিসা বন্ধের সিদ্ধান্তের জন্য ইতালি সুইজারল্যান্ডকে দায়ী করেছে। লিবিয়ার ওপর চাপ সৃষ্টির জন্য সুইজারল্যান্ড লিবিয়ার কর্মকর্তাদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপের একতরফা সিদ্ধান্ত নিয়ে সেনজেন সদসদের জিম্মি করেছে বলে ইতালি অভিযোগ করেছে। সুইজারল্যান্ডের ওই পদক্ষেপের পাল্টা জবাবেই লিবিয়া ইউরোপের বেশির ভাগ দেশের ভিসা বন্ধ করেছে বলে তিনি অভিযোগ করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৬১৭ ঘ.