লিমা, ফেব্র"য়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আগামী এপ্রিলে পেরুর মাচু পিচু দর্শনার্থীদের জন্য আবার খুলে দেয়া হবে। এ কথা জানিয়েছে সে দেশের সরকার।
অতিরিক্ত বৃষ্টিতে প্রবেশপথ ক্ষতিগ্রস্ত হওয়ায় গত মাসে বন্ধ করে দেয়া হয় পাহাড়চুড়োয় অবস্থিত প্রাচীন ইনকা সভ্যতার বিশ্বখ্যাত এই নিদর্শনটি।
পেরুর বাণিজ্য ও পর্যটন মন্ত্রী মারতিন পেরেস বলেন, নিদর্শনটি অক্ষত আছে এবং ১ এপ্রিল থেকে তা আবার সবার জন্য খুলে দেয়া যাবে বলে আমরা আশা করছি।
গত জানুয়ারিতে অতিরিক্ত বৃষ্টিতে পাহাড়ি ঢলে সবচেয়ে কাছের শহর কুসকো থেকে এই নিদর্শন এলাকায় যাওয়ার একমাত্র সংযোগ রেলপথটির কিছু অংশ ভেঙ্গে যায়।
এ সময় এই এলাকায় আটকে পড়া ৪ হাজার পর্যটককে হেলিকপ্টারের সাহায্যে উদ্ধার করা হয়। এই অঞ্চলে গত ১৫ বছরের মধ্যে সবচেয়ে ভারি বৃষ্টিপাতের ঘটনায় ৫ জন মরাও যায়।
সংযোগ রেলপথটি ছাড়া নিদর্শন এলাকায় যাওয়ার অন্য উপায় হলো খাড়া পাহাড় বেয়ে প্রায় ২৮ মাইল উঠে যাওয়া অথবা হেলিকপ্টার।
রেলপথটি পরিচালনার ভারপ্রাপ্ত প্রতিষ্ঠান 'ফেররোকাররিল ত্রানসানদিনো' জানিয়েছে, রেলপথের মেরামত কাজ দ্রুতগতিতে এগোচ্ছে। আবহাওয়া অনুকূলে থাকলে আগামী এপ্রিলের শুরুতেই কাজ সম্পূর্ণ শেষ হবে।
পেরুর রাজধানী লিমা থেকে ৬৮০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত এই শহরটি ১৫ শতকে স্থাপন করে প্রাচীন ইনকারা। বর্তমানে এটি ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্যের নিদর্শনগুলোর একটি।
প্রতিবছর প্রায় ১০ লাখ পর্যটক আসেন সমুদ্রপৃষ্ঠ থেকে ৭ হাজার ৮শ' ৭৪ কিলোমিটার উঁচুতে অবস্থিত মাচু পিচু দেখতে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/কেএমএস/১৪২৫ঘ.
bdnews24