টোকিও, ফেব্র"য়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)----অনলাইন ও স্বাধীন সাংবাদিক বাড়তে থাকায় আরও বেশি দমনপীড়নের ঝুঁকির মুখে পড়েছে সাংবাদিকতা। কিন্তু নতুন গণমাধ্যম (নিউ মিডিয়া) এ ধরনের হামলা সম্পর্কে সচেতনতা তৈরিতে সহায়তাও করছে। মঙ্গলবার নিউ ইয়র্কভিত্তিক এক পর্যবেক্ষক গ্র"প একথা বলেছে।
টোকিওর এক সংবাদ সম্মেলনে কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্ট (সিপিজে) তাদের বার্ষিক প্রতিবেদনে বলেছে, ফ্রিল্যান্সার ও স্থানীয় প্রতিবেদকরাই একনায়ক, সরকারের দমননীতি এবং জঙ্গিদলগুলোর হামলার শিকার হওয়ার ঝুঁকির মুখে থাকে বেশি। কারণ, তারা গণমাধ্যম সংগঠনগুলোর শক্তিশালী সমর্থন পায় না।
কিন্তু ইন্টারনেটে গজিয়ে ওঠা বিভিন্ন ব্লগ, সোশ্যাল নেটওয়ার্কিং সাইট এবং নতুন রূপে গড়ে ওঠা অন্যান্য মিডিয়াও সেন্সরশিপের বিরুদ্ধে লড়াইয়ে যথেষ্টই সহায়ক।
তবে এখানেও চীনের মতো ব্যতিক্রমী দেশ আছে, যেখানে এসব ব্লগ ও সোশ্যাল নেটওয়ার্কিং সাইটকে কড়া সেন্সরশিপের মুখে পড়তে হয়।
সিপিজে জানায়, গত জুনে ইরানের বিতর্কিত নির্বাচনের পর মিডিয়ার উপর নিষেধাজ্ঞা চালু হলে গ্রেপ্তার হওয়া সাংবাদিকদের মুক্তি দাবিতে সতর্কতামূলক ই-মেইল চালাচালি, ফেসবুক প্রচারণা এবং বিভিন্ন ব্লগে লেখালেখির মাধ্যমে বেশ ভালোভাবেই বিষয়টি তুলে ধরেন অনলাইন সাংবাদিকরা।
সেইসঙ্গে আন্তর্জাতিক চাপও নিউজউইকের সংবাদদাতা মাজিয়ার বাহারি এবং ফ্রিল্যান্সার রোকসানা সাবেরির মতো নেতৃস্থানীয় সাংবাদিকদের মুক্তির ব্যাপারে সহায়তা করে।
সিপিজের নির্বাহী পরিচালক জোয়েল সিমন বলেন, "যখন আপনি দেখছেন একটা স্পর্শকাতর বিষয় নিয়ে বিভিন্ন সোশ্যাল নেটওয়ার্ক সাইটে লেখালেখি হচ্ছে, প্রবল জনমত গড়ে উঠছে, তখন কিন্তু মূলধারার পত্রিকাগুলোও বাধ্য হয় এ ব্যাপারটি তুলে ধরতে। মূলত একটি স্পর্শকাতর বিষয়ের ভিত্তি তৈরিতে এসব নতুন মিডিয়া ব্যাপক ভূমিকা রাখে, যা সরকারেও প্রভাব বিস্তার করতে সক্ষম হয়।"
তবে শক্ত সেন্সরশিপের কারণে চীনে এ সোশ্যাল নেটওয়ার্কিংও কাজ করতে পারছে না বলে জানায় সিপিজে।
সিপিজের এশিয়া প্রধান ম্যাডেলিন ইয়ার্প বলেন, "চীনে সেন্সরশিপটা এত বেড়ে যাচ্ছে এবং এমন সুক্ষ্মভাবে করা হচ্ছে যে তথ্যপ্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/এলকিউ/১৭৪৪ ঘ.
bdnews24