মারজাহ, আফগানিস্তান, ফেব্র"য়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- তালেবানের শেষ শক্ত ঘাঁটি নিয়ন্ত্রণে নেওয়ার জন্য হেলমান্দ প্রদেশের মারজাহ জেলায় মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো বাহিনী হামলা জোরদার করেছে। মার্কিন হেলিকপ্টারগুলো ওই এলাকায় অবতরণ করেছে।
তালেবান যোদ্ধারা মারজাহ শহরে বাজারের কাছে অবস্থান নিয়ে প্রাণপন লড়াই চালিয়ে যাচ্ছে।
আফগানিস্তানে তালেবানের বিরুদ্ধে ন্যাটো বাহিনীর বড় ধরনের অভিযান শুরু হয় শনিবার।
মার্কিন বাহিনীর লেফটেন্যান্ট মার্ক গ্রিনলিফ বলেন, "বর্তমানে আমরা আমাদের লক্ষ্য অর্জনের দিকে এগিয়ে চলেছি। আমরা পাঁচ ঘণ্টা ধরে দক্ষিণ, পশ্চিম, উত্তর ও পূর্বদিকের যোগাযোগ রক্ষা করে যাচ্ছি। যেসব এলাকায় এখনও শক্ররা রয়ে গেছে সেসব এলাকায় তাদের প্রতিরোধ ধ্বংস করতে সামনে অগ্রসর হচ্ছি।"
মার্কিন মেরিন বাহিনীর প্রথম লক্ষ্য ছিল ঘনবসতিপূর্ণ মারজাহ শহরের কেন্দ্রস্থলের নিয়ন্ত্রণ নেওয়া। শহরের কেন্দ্রস্থলে অবস্থানরত তালেবান জঙ্গিদের হঠিয়ে দিতে মেরিন বাহিনী হ্যারিয়ার জেট হেলিকপ্টার গানশীপ ব্যবহার করে।
মার্কিন, ব্রিটিশ ও আফগান সরকারি সৈন্যদের অগ্রযাত্রা ঠেকাতে তালেবান যোদ্ধারা মারজাহ শহরের চারপাশে বোমা পেতে রেখেছে।
স্থানীয় তালেবান কমান্ডার ক্বারী ফজলুদ্দিন এর আগে রয়টার্সকে জানান, তাদের দু হাজার যোদ্ধা লড়াইয়ের জন্য প্রস্তুত রয়েছে।
এদিকে, শনিবার ন্যাটোর এক বিবৃতিতে জানানো হয়েছে, আফগানিস্তানের দক্ষিণাঞ্চলে রাস্তার পাশে পেতে রাখা বোমা বিস্ফোরণে তিন মার্কিন সেনাসহ পাঁচ ন্যাটো সেনা মারা গেছে।
অভিযান চলাকালে এসব সেনা প্রাণ হারিয়েছে কি-না তা স্পষ্ট নয়।
হেলমান্দ টাস্ক ফোর্সের মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল ডেভিড ওয়েকফিল্ড জানান, অভিযান চলাকালে একটি তেলবাহী যানে বিস্ফোরণে এক ব্রিটিশ সেনা মারা গেছে।
এ অভিযানে ন্যাটোর ১৫ হাজার সেনা অংশ নিচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/কেএমএস/১৫৫০ঘ.
bdnews24