কেপ কেনাভেরাল, ফ্লোরিডা, ফেব্র"য়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মার্কিন মহাকাশযান এনডেভারের নভোচারীরা শুক্রবার আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে সর্বশেষ মডিউল স্থাপন করেছেন। ১২ বছরেরও বেশি সময় পর মহাকাশ স্টেশনে এটা ছিলো একটা বড় ধরনের নির্মান কাজ।
এই মহাকাশ মিশনে নভোচারী রবার্ট বেনকেন এবং নিকোলাস প্যাট্রিক শুক্রবার মহাকাশে ভেসে বেড়ান। এ সময় তারা ১৮ টন ওজনের এই মডিউলটিকে মহাকাশযানের মাল পরিবহনের জায়গা থেকে সরিয়ে মহাকাশ স্টেশনের সঙ্গে যুক্ত করার প্রস্তুতি নেন।
অপর দুই নভোচারী কে হায়ার এবং টেরি ভারস মহাকাশ স্টেশনের রোবটের বাহু বের করে দেন। এই বাহু মডিউলটিকে ধরে স্টেশনের ইউনিটি নড-এ স্থাপন করে।
মহাকাশ স্টেশনের যুক্তরাষ্ট্রের অংশে এটিই ছিলো যন্ত্র সংযোগের সর্বশেষ বড় ধরনের কাজ।
১৩ দিনের এই মহাকাশ মিশনে নভোচারীরা তিন দফায় মহাশুন্যে ভেসে বেড়াবেন। শুক্রবার প্রথম দফায় ভেসে বেড়ানোর সময় নভোচারীরা মহাকাশ স্টেশনে মডিউল সংযোগের কাজটি সারেন।
১৬ টি দেশ যৌথভাবে এই মহাকাশ স্টেশন নির্মান করছে। ১৯৯৮ সাল থেকে এর নির্মানকাজ চলছে।
মহাকাশযান এনডেভার এই মডিউল ও অন্যন্য সরঞ্জাম নিয়ে সোমবার কেনেডি স্পেস সেন্টার থেকে মহাকাশ স্টেশনের উদ্দেশ্যে যাত্রা করে।
আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের বাইরের অংশের নির্মান কাজ শেষ করতে আরও চারটি মহাকাশ মিশন প্রয়োজন পড়বে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেএমএস/১৯৪০ঘ.
bdnews24