তেহরান, ফেব্র"য়ারি ১১ ( বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইরানে ইসলামি বিপ্লবের ৩১তম বার্ষিকীতে বৃহস্পতিবার তেহরানে বিরোধী দলের নেতাকর্মীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সদস্যদের ব্যপক সংঘর্ষ ঘটে।
দিবসটি উপলক্ষে তেহরানের কেন্দ্রস্থলে হাজার হাজার মানুষ সমবেত হয়।
ইরানের একটি বিরোধীদলের ওয়েসাইট ইরানস গ্রিন ভয়েস জানায়, বিরোধী দলীয় নেতা মিরহোসেন মুসাভির সমর্থকরা তেহরানের কেন্দ্রস্থলে সমবেত হলে তাদের ছত্রভঙ্গ করতে নিরাপত্তা বাহিনীর সদস্যরা গুলিবর্ষণ করে এবং কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। এতে কেউ হতাহত হয়েছে কিনা তা জানা যায়নি।
অপর একটি বিরোধীদলের ওয়েবসাইট জারাস জানায়, মধ্যপন্থী সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ খাতামি এবং বিরোধী দলের নেতা মেহদি কারুবি সমাবেশে যোগ দেন। নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাদের ওপরও হামলা চালায়।
এই খবরের সত্যতা যাচাই করা যায়নি। কারণ, নিরাপত্তা বাহিনীর সদস্যরা বিদেশি গণমাধ্যমের সাংবাদিকদেরকে আজাদি স্কয়ারে ঘিরে রাখে। বিরোধী দলের নেতা কর্মীদের সমাবেশের খবর তাদেরকে সংগ্রহ করতে দেওয়া হয়নি।
গত জুন মাসে অনুষ্ঠিত বিতর্কিত প্রেসিডেন্ট নির্বাচনের পর আট মাসে বিরোধী দল এবং সরকার পক্ষ কেউই কোন ধরনের নমনীয়তা প্রদর্শণ করেনি। এমনকি কোন প্রকার সমঝোতার চেষ্টাও করেনি। বিরোধী দলের অভিযোগ, এই নির্বাচনে প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদের বিজয় নিশ্চিত করার জন্য কারচুপি করা হয়েছে।
বিরোধী দলগুলোর সমর্থকরা নির্বাচনে পরাজিত সংস্কারপন্থীদের সঙ্গে জোট বাঁধায় ইরানে অভ্যন্তরীন রাজনৈতিক সংকট সৃষ্টি হয়েছে। গত তিন দশকের মধ্যে দেশটিতে এটাই সবচেয়ে ভয়াবহ রাজনৈতিক সংকট।
এদিকে প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদের সমর্থকরা তেহরানে শোভাযাত্রা বের করে। এক সমাবেশে উল্লসিত সমর্থকদের উদ্দেশে আহমাদিনেজাদ বলেন, তার দেশ ২০ শতাংশ সমৃদ্ধ ইউরেনিয়াম তৈরি করতে সক্ষম হয়েছে। অদূর ভবিষ্যতে আরও সমৃদ্ধ ইউরেনিয়াম তৈরি করা হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেএমএস/১৬৪৫ঘ.
bdnews24