লস এঞ্জেলেস, ফেব্র"য়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- প্রয়াত পপ সম্রাট মাইকেল জ্যাকসনের মৃত্যুর ঘটনায় চিকিৎসক ডা. কনরাড মারে তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন।
জ্যাকসনের চিকিৎসার জন্য ডা. কনরাডকে নিয়োগ করা হয়েছিলো। দীর্ঘ তদন্তের পর সোমবার তার বিরুদ্ধে জ্যাকসনকে হত্যার অভিযোগ আনা হয়। জ্যাকসনের মৃত্যুর কারণ হিসাবে প্রোপোফলসহ অন্যান্য চেতনানাশক ওষুধের মাত্রাতিরিক্ত সেবনই দায়ী বলে বিষেজ্ঞরা মত দিয়েছেন। যা জ্যাকসনকে সরবরাহ করতেন ডা. কনরাড মারে।
সোমবার লাস ভেগাসবাসী ডা. মারের বিরুদ্ধে আনা নরহত্যার অভিযোগ অস্বীকার করে তার আইনজীবী এড শেরনফ আদালতের বাইরে সাংবাদিকদের বলেন, "বহু কারণেই এ ঘটনাটি আমার মক্কেলের জন্য দুঃস্বপ্নের। যার অন্যতম কারণ জ্যাকসনের মতো একজন বন্ধু হারিয়েছেন তিনি।"
তিনি জানান, ডা. মারে এখন লাস ভেগাসের দিকেই রওনা হবেন।
এর আগে ডা. মারে যখন ধূসর কোট আর লাল টাই পরে লস এঞ্জেলেসের আদালতকক্ষে ঢুকতে যান, জ্যাকসন ভক্তরা তাকে 'খুনি খুনি' বলে স্লোগান দিচ্ছিল।
এর আগেও তাকে একবার মৃত সঙ্গীত শিল্পীর পরিবারের ক্ষুব্ধ সদস্যদের সামলাতে হয়েছে। যার মধ্যে জ্যাকসনের মা ক্যাথেরিন এবং ভাই জারমেইনও ছিলেন।
আদালতে শুনানি চলাকালে ডা. কনরাড নির্বিকার দাঁড়িয়ে থাকেন। মৃদুস্বরে কথা বলেন। আদালত তাকে দেশ ছেড়ে কোথাও না যাওয়ার এবং আর কোনও রোগীকে চেতনানাশক না দেওয়ার আদেশ দেন।
এরপরই ডা. কনরাডকে ৭৫ হাজার ডলার জামানতের বিনিময়ে জামিন দেওয়া হয়।
৫৬ বছর বয়সী কনরাড যদি এ মামলায় দোষী সাব্যস্ত হন তবে তাকে ৪ বছরের কারাদণ্ড ভোগ করতে হতে পারে।
আইনজীবীরা কনরাডের চিকিৎসক লাইসেন্স কেড়ে নেওয়ার আবেদন করলেও তার রোগী দেখার অনুমতি বহাল রাখা হয়েছে।
হৃদরোগ বিশেষজ্ঞ ডা. কনরাডকে ২০০৯ সালের মে মাসে জ্যাকসনের চিকিৎসার জন্য নিয়োগ করা হয়। ওই সময় জ্যাকসন কনসার্ট লন্ডন সিরিজের প্রস্তুতি নিয়ে ব্যস্ত ছিলেন।
গত ২৫ জুন মারা যান জ্যাকসন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/কেএমএস/১৩৩০ঘ.
bdnews24