২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরান ১০টি নতুন ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্ল্যান্ট গড়বে

২০১০/১১ সালে ১০ টি নতুন ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্ল্যান্ট গড়ার পরিকল্পনা করেছে ইরান। ইরানের আরবি ভাষার টেলিভিশন স্টেশন আল আলম আণবিক শক্তি সংস্থার প্রধানের উদ্ধৃতি দিয়ে সোমবার একথা জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Feb 2010, 10:51 AM

Updated : 24 Aug 2022, 06:41 PM

তেহরান, ফেব্র"য়ারি ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ২০১০/১১ সালে ১০ টি নতুন ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্ল্যান্ট গড়ার পরিকল্পনা করেছে ইরান। ইরানের আরবি ভাষার টেলিভিশন স্টেশন আল আলম আণবিক শক্তি সংস্থার প্রধানের উদ্ধৃতি দিয়ে সোমবার একথা জানিয়েছে। তার এ মন্তব্যে পশ্চিমাদের সঙ্গে উত্তেজনা আরও বাড়বে বলেই মনে করা হচ্ছে। ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ আগের দিন ইরানের আণবিক শক্তি সংস্থাকে তেহরানের গবেষণা চুল্লির জন্য ইউরেনিয়াম ২০ শতাংশ সমৃদ্ধ করতে বলার পর সালেহি এক বিবৃতিতে একথা জানালেন। ইরান এর আগে নভেম্বরে ১০ টি নতুন ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্ল্যান্ট স্থাপনের কথা জানালেও তা কখন করা হবে তা জানায়নি। এবার আল আলম টেলিভিশন সালেহির উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, "ইরান আগামী বছর ১০ টি নতুন ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্ল্যান্ট তৈরি করবে।" ইরানি বছর শুরু হয় ২১ মার্চ থেকে। ইরানের এ ঘোষণায় পশ্চিমাদের সঙ্গে দেশটির বিরোধের ঝুঁকি আরও বাড়ল। তবে আহমদিনেজাদ ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে বিশ্বের শক্তিধর দেশগুলোর সন্দেহ দূর করতে পরমাণু জ্বালানির বিনিময়ে কম সমৃদ্ধ ইউরেনিয়াম বিদেশে পাঠানোর প্রস্তাব নিয়ে এখনও আলোচনা করা সম্ভব বলে জানিয়েছেন। রোববার সালেহিও জানান, ইরান মঙ্গলবার ২০ শতাংশ ইউরেনিয়াম সমৃদ্ধ করার কাজ শুরু করবে। আর একাজ তারা করবে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (আইএইএ) পরিদর্শকদের উপস্থিতিতে। ভিয়েনা-ভিত্তিক জাতিসংঘ সংস্থায় তাদের এ পদক্ষেপ সম্পর্কে সোমবার অবহিত করার কথা জানান সালেহি। ইরান এর আগে কম সমৃদ্ধ ইউরেনিয়াম বিদেশে পাঠাতে প্রস্তুত থাকার কথা জানালেও জাতিসংঘের খসড়া পরিকল্পনায় সংশোধনী দাবি করেছে। সালেহি বলেছেন, ইরান তার প্রয়োজনীয় জ্বালানি পেয়ে গেলে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের কাজ বন্ধ করে দেবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৬৪৩ ঘ.