২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'আহমাদিনেজাদ পরমাণু চুক্তি করার ইচ্ছারই ইঙ্গিত দিয়েছেন'

সমৃদ্ধ ইউরেনিয়াম বিদেশে পাঠাতে রাজি থাকার কথা ঘোষণা করে ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ বিশ্বশক্তিগুলোর সঙ্গে পরমাণু চুক্তির জন্য সহযোগিতা করার ইচ্ছারই ইঙ্গিত দিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Feb 2010, 10:41 AM

Updated : 24 Aug 2022, 06:37 PM

ভিয়েনা, ফেব্রয়ারি ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---সমৃদ্ধ ইউরেনিয়াম বিদেশে পাঠাতে রাজি থাকার কথা ঘোষণা করে ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ বিশ্বশক্তিগুলোর সঙ্গে পরমাণু চুক্তির জন্য সহযোগিতা করার ইচ্ছারই ইঙ্গিত দিয়েছেন। জাতিসংঘের আণবিক শক্তি সংস্থায় তেহরানের দূত বৃহস্পতিবার একথা বলেছেন। পরমাণু কর্মসূচি নিয়ে উত্তেজনা কমাতেই আহমাদিনেজাদ ওই ইঙ্গিত দিয়েছেন বলে জানান তিনি। রাষ্ট্রদূত আলী আসগর সোলতানিয়েহ রয়টার্সকে বলেন, আহমাদিনেজাদ আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থাকে (আইএইএ) তাদের প্রস্তাবে ইরানের নতুন কোনও অবস্থান সম্পর্কে কিছু বলেননি। আইএইএ'র প্রস্তাবটি কোথায় এবং কিভাবে বাস্তবায়ন করা হবে তা নিয়ে বিরোধের কারণে এটি মাসের পর মাস ধরে স্থবির হয়ে ছিল। রাশিয়া, ফ্রান্স, যুক্তরাষ্ট্র ও অন্যান্য পক্ষের যে পরিকল্পনার আওতায় ইরান পরমাণু জ্বালানির জন্য সমৃদ্ধ ইউরেনিয়াম বিদেশে পাঠাবে তারা চায় তেহরান আহমাদিনেজাদের আন্তরিকতা প্রমাণ করতে তার মনোভাব সম্পর্কে আইএইএ কে জানাক। আহমাদিনেজাদ মঙ্গলবার কম সমৃদ্ধ ইউরেনিয়াম (এলইইউ) বিদেশে পাঠাতে রাজি থাকার কথা জানিয়েছেন। এর পরিপ্রেক্ষিতে সোলতানিয়েহ বলেন," আমার প্রেসিডেন্ট যা বলেছেন তাতে এটিই প্রতীয়মান হয় যে, ইরানের সংঘাত নয় বরং সহযোগিতার পথে যাওয়ার রাজনৈতিক সদিচ্ছা আছে। এখন এ সুযোগকে কাজে লাগানো অন্যদের ব্যাপার।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৬৩৭ ঘ.