২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্লগিংয়ে আগ্রহ হারাচ্ছে যুক্তরাষ্ট্রের তরুণরা

যুক্তরাষ্ট্রের তরুণদের মধ্যে ব্লগিংয়ের প্রতি আগ্রহ তিন বছরে প্রায় অর্ধেকে নেমে এসেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Feb 2010, 07:04 AM

Updated : 24 Aug 2022, 06:37 PM

লস অ্যাঞ্জেলেস, ফেব্র"য়ারি ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুক্তরাষ্ট্রের তরুণদের মধ্যে ব্লগিংয়ের প্রতি আগ্রহ তিন বছরে প্রায় অর্ধেকে নেমে এসেছে। ব্লগিংয়ের পরিবতর্তে তারা এ সময়ে মোবাইল ফোনে বার্তা পাঠানো (টেক্সটিং) ও ফেসবুকের মতো সামাজিক নেটওয়ার্কিং সাইটগুলোর প্রতি ঝুঁকেছে। যুক্তরাষ্ট্রের জরিপ পরিচালনাকারী প্রতিষ্ঠান পিউ সেন্টার এবং আমেরিকান লাইফ প্রজেক্ট পরিচালিত একটি জরিপে এ তথ্য বেরিয়ে এসেছে। জরিপে দেখা যায়, বিপুলভাবে জনপ্রিয় মাইক্রো ব্লগিং সাইট 'টুইটার' তরুণদের মধ্যে তুলনামূলকভাবে অজনপ্রিয়। পরিসংখ্যান বলছে, প্রতি ১০ জন আমেরিকান তরুণের গড়ে একজনেরও কম এ সাইটটি ব্যবহার করে। ২০০৯ সালের জুন থেকে সেপ্টেম্বর মাসে ১২ থেকে ১৭ বছর বয়সী ৮০০ জনের উপর টেলিফোন সাক্ষাৎকারের মাধ্যমে এ জরিপ চালানো হয়। জরিপের প্রতিবেদন অনুযায়ী, ইন্টারনেট ব্যবহারকারী তরুণদের মাত্র ১৪ শতাংশ অনলাইনে নিজেদের রোজনামচা রাখে। ২০০৬ সালে এ হার ছিলো ২৮ শতাংশ। 'টুইটার' ব্যবহার করে মাত্র ৮ শতাংশ। আর অন লাইনে থাকা অবস্থায় সামাজিক নেটওয়ার্কিং সাইট ব্যবহার করে ৭৩ শতাংশ। পিউ'র গবেষক অ্যারন স্মিথ বলেন, "এটা খুবই বিস্ময়কর। তবে অবশ্যই এ ব্যাপারে প্রযুক্তিগত ক্ষেত্র নিয়ে নির্দিষ্ট ব্যাখ্যা রয়েছে।" তিনি বলেন, সামাজিক নেটওয়ার্কিং সাইটগুলোতে পুরো একটি প্রবন্ধের বদলে সংক্ষিপ্ত আকারের 'স্ট্যাটাস আপডেট' বা নিজের অবস্থা জানানোর দিকে বেশি জোর দেওয়া হয়। জরিপের প্রতিবেদনে বলা হয়েছে এটা ব্লগিংয়ের জনপ্রিয়তা কমে আসার এবং সামাজিক নেটওয়ার্কিং সাইটগুলোর জনপ্রিয়তার কারণ হতে পারে। স্মিথ বলেন, এটা বেশ কৌতূহলের বিষয়; কারণ তরুণ বয়সীরা সাধারণত নতুন কিছুকে দ্রুত গ্রহণ করে। তারাই প্রথম সামাজিক নেটওয়ার্কিং সাইট এবং মোবাইল ফোনে বার্তা আদান-প্রদান শুরু করে। মোবাইল ফোনের প্রসারের বিষয়টি তুলে ধরে তিনি বলেন, তরুণদের নিজেদের মধ্যে যোগাযোগ এখন চলছে টেক্সট মেসেজের মাধ্যমে। পিউ'র গবেষণায় দেখা যায়, প্রাপ্তবয়স্কদের মধ্যে ব্লগিংয়ের জনপ্রিয়তা ২০০৫ সালের পর থেকে প্রায় অপরিবর্তিত রয়েছে। তবে ১৮ থেকে ২৯ বছর বয়সিদের মধ্যে এর আবেদন কমে এলেও কিন্তু ৩০ বছরের বেশি বয়সিদের কাছে বাড়ছে। স্মিথ বলেন, একটু বেশি বয়সিরা ধীরে ধীরে অনলাইন পরিবেশে অভ্যস্ত হয়ে উঠছে। একই সময়ে কম বয়সিরা মোবাইল ফোন ও সামজিক নেটওয়ার্কিং সাইটের দিকে সরে যাচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/এমআই/১৩০০ ঘ.