তাইপে, ফেব্র"য়ারি ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- যুক্তরাষ্ট্রের কাছ থেকে গত সপ্তাহেই ৬ দশকি ৪ বিলিয়ন ডলারের অস্ত্রের প্যাকেজ প্রস্তাব পাওয়ার পরও তাইওয়ান বুধবার জানিয়েছে, তারা আরও অত্যাধুনিক অস্ত্র চায়। এতে চীন নিঃসন্দেহে আরও ক্ষুব্ধ হবে।
তাইওয়ানের কাছে যুক্তরাষ্ট্রের অস্ত্র বিক্রিতে ভীষণ ক্ষুব্ধ তাইওয়ানের মালিকানা দাবিদার চীন।
গত কয়েক বছর ধরেই তাইওয়ান চেষ্টা করছে সামরিক দিক দিয়ে চীনকে টেক্কা দিতে। তাই তারা সামরিক খাতে ব্যয় বহুগুণ বাড়িয়েছে।
তাইওয়ান তাই যত দ্রুত সম্ভব অত্যাধুনিক এফ ১৬ জঙ্গি বিমান এবং সাবমেরিন কিনতে চায়।
যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা অবশ্য এসব অস্ত্র কবে সরবরাহ করা হবে তার পরিষ্কার কোনও ইঙ্গিত দেয়নি। তবে ধারণা করা হচ্ছে, গত শুক্রবারের অস্ত্র চালান নিয়ে চীনের তীব্র প্রতিক্রিয়ার প্রেক্ষিতে ওয়াশিংটন তাইওয়ানে নতুন অস্ত্র সরবরাহ স্থগিত রাখতে পারে। আগের চালানে পেট্রিয়ট ক্ষেপণাস্ত্র ও ব্ল্যাক হক হেলিকপ্টারের মতো অধ্যাধুনিক সমরাস্ত্র ছিল।
ইতোমধ্যেই চীনের মূদ্রা মান, ব্যবসায়িক সুরক্ষা এবং ইন্টারনেটের স্বাধীনতা নিয়ে চীন ও যুক্তরাষ্ট্রের সম্পর্কে টানাপোড়েন চলছে।
তবে তাইওয়ানের প্রেসিডেন্ট মা ইং জেউ এর মুখপাত্র টনি ওয়াঙ বলেন,"আমরা এফ ১৬ জঙ্গি বিমান পাওয়ার আশা করছি। আমরা বেশ কয়েকটি সাবমেরিনও চেয়ে রেখেছি। যদিও মূল ভূখণ্ড চীনের সঙ্গে আমাদের সম্পর্কের উন্নতি হয়েছে, কিন্তু তারপরও তাইওয়ানের নিজস্ব প্রতিরক্ষার প্রয়োজন রয়েছে।"
বর্তমানে তাইওয়ানের নৌবাহিনীর কাছে মাত্র ৪টি সাবমেরিন রয়েছে। যার মধ্যে আবার দুটিই দ্বিতীয় মহাযুদ্ধকালীন। অন্যদিকে, চীনের রয়েছে ৬০টিরও বেশি সাবমেরিন এবং এদের প্রতিটিই অত্যাধুনিক।
বর্তমানে তাইওয়ানের কাছে এফ ১৬ জঙ্গি বিমানও রয়েছে। তবে এগুলো পুরনো মডেলের। তাই তারা নতুন মডেলের এফ ১৬ বিমান কিনতে চাইছে। যাতে করে রাশিয়া থেকে চীনের কেনা সু-৩০ এবং সু ২৭ জঙ্গি বিমানকে টেক্কা দেওয়া যায়।
তাইপের চীনা সাংস্কৃতিক বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিজ্ঞানী জর্জ তাই বলেন,"আমরা সামরিক বাহিনী আধুনিকীকরণের চেষ্টা চালিয়ে যাচ্ছি। তবে যুক্তরাষ্ট্রের নিজস্ব হিসাব নিকাশ আছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/এলকিউ/১৮০৩ ঘ.
bdnews24