২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওবামার ঘাটতি বাজেটে নাসায় হোঁচট, চাঙ্গা প্রতিরক্ষা

অর্থনীতি চাঙ্গা করা এবং বেকারত্ব কমানোর দুটি মূলমন্ত্র নিয়ে ঘোষিত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার নতুন বাজেটে হোঁচট খাচ্ছে মহাকাশ সংস্থা নাসার চন্দ্রাভিযান। অন্যদিকে, বরাদ্দ বাড়ছে নিরাপত্তা অর্থাৎ, প্রতিরক্ষা খাতে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2010, 02:21 PM

Updated : 24 Aug 2022, 06:32 PM

কেপ কার্নেভাল, ফেব্র"য়ারি ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- অর্থনীতি চাঙ্গা করা এবং বেকারত্ব কমানোর দুটি মূলমন্ত্র নিয়ে ঘোষিত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার নতুন বাজেটে হোঁচট খাচ্ছে মহাকাশ সংস্থা নাসার চন্দ্রাভিযান। অন্যদিকে, বরাদ্দ বাড়ছে নিরাপত্তা অর্থাৎ, প্রতিরক্ষা খাতে। ২০১১ সালের অর্থবছরের জন্য ৩ দশমিক ৮ ট্রিলিয়ন ডলারের বাজেটে ঘাটতি ১ দশমিক ৬ ট্রিলিয়ন ডলার। ঘাটতি কমাতে ডলার বাঁচানোর জন্য বাজেটে চাঁদে মানুষ পাঠানোর পরিকল্পনা বাদ দেওয়া হয়েছে। রিপাবলিকান সিনেটর রিচার্ড শেলবি এ সম্পর্কে এক মন্তব্যে বলেছেন, এটি "মানব মাহাশূণ্য যাত্রার শবযাত্রা।" বাজেটে মাহাকাশ সংস্থার জন্য বরাদ্দ থাকছে ১৯ বিলিয়ন ডলার পর্যন্ত। মহাকাশ গবেষণা নয় বরং বিজ্ঞান খাতেই অর্থ বরদ্দের ওপর জোর দেওয়া হচ্ছে বেশি। উপরন্তু ডলার বাঁচানোর জন্য বাদ পড়ছে ১২০ টি সরকারি কর্মসূচি। এর মধ্যে চাঁদে মানুষ পাঠানোর কর্মসূচিও রয়েছে। কিন্তু মহাকাশ কর্মসূচিতে কাটছাঁট হলেও দেশের নিরাপত্তা ব্যবস্থায় কোনও কাটছাঁট হচ্ছে না। বরং এ খাতে বরাদ্দ কিছুটা বাড়ানো হয়েছে। গত বড়দিনে যুক্তরাষ্ট্রের ডেট্রয়েটগামী একটি বিমানে বোমা হামলা প্রচেষ্টার পর এ খাত শক্তিশালী করার ওপর জোর দেওয়া হচ্ছে। ২০১১ সালের অর্থবছরের বাজেটে ওবামা প্রতিরক্ষা খাতে রেকর্ড ৭০৮ বিলিয়ন ডলার বরাদ্দ দেওয়ার প্রস্তাব করেছেন। তবে অপ্রয়োজনীয় ও অপচয়মূলক অস্ত্র কর্মসূচি বাদ দেওয়ার অঙ্গীকার করেছেন তিনি। পেন্টাগনের জন্য বাজেটে বরাদ্দ ৩ দশমিক ৪ শতাংশ বাড়িয়ে ৫৪৯ বিলিয়ন ডলার করার প্রস্তাব দিয়েছেন ওবামা। আর যুক্তরাষ্ট্রের ইরাক, আফগান যুদ্ধের জন্য আরও ১৫৯ বিলিয়ন ডলার চেয়েছেন তিনি। ২০১০ সালের বাজেটে যা ছিল ১৩০ বিলিয়ন ডলার। এছাড়া, যুতদ্ধফেরৎ সেনাদের শারীরিক ও মানসিক চিকিৎসার জন্য ওবামা আরও ৩০ বিলিয়ন ডলার চেয়েছেন। প্রতিরক্ষাখাত ছাড়াও চাকরি বাড়াতে ১০০ বিলিয়ন ডলার ঢালার পরিকল্পনা করেছেন ওবামা। বেকারত্ব বর্তমানের ১০ শতাংশ থেকে ২০১১ সালে গড়ে ৯ দশমিক ২ শতাংশ এবং ২০১২ সালে আরও কমিয়ে ৮ দশমিক ২ শতাংশে নামিয়ে আনতে চান ওবামা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২১১৮ ঘ.