সারগোধা, ফেব্র"য়ারি ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইন্টারনেটে জঙ্গিদের সঙ্গে যোগাযোগ এবং পরে তাদের সঙ্গে যোগ দিয়ে হামলা পরিকল্পনায় জড়িত থাকার অভিযোগে পাকিস্তানে আটক পাঁচ মার্কিনি মঙ্গলবার পুলিশী হেফাজতে নির্যাতনের অভিযোগ করেছেন।
পাকিস্তানের আদালতে তারা এ অভিযাগের পাশাপাশি তাদেরকে মেরে ফেলারও হুমকি দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন।
তাদের আইনজীবী তারিক আসাদ সাংবাদিকদের বলেন, "তারা এও বলেছে যে, তাদের ইলেকট্রিক শক দেওয়া হচ্ছে।
গত ডিসেম্বরে গ্রেপ্তার হওয়া ভার্জিনিয়ার এই মার্কিনিদের বিরুদ্ধে এখনও কোনও অভিযোগ গঠন করা হয়নি। তবে নিজেদের নির্দোষ দাবি করে তারা জানান, তারা শুধু তাদের মুসলিম ভাইয়ের জন্য চিকিৎসা এবং আর্থিক সহযোগিতার হাত বাড়াতে চেয়েছিলেন।
পুলিশ ভ্যানে করে তাদের নিয়ে যাওয়ার সময় তারা টিস্যু পেপারে লেখা একটি চিঠি সাংবাদিকদের উদ্দেশে ছুঁড়ে মারে। যেখানে তারা লিখিত অভিযোগে জানায়, গ্রেপ্তারের পর থেকেই যুক্তরাষ্ট্র, এফবিআই এবং পাকিস্তানের পুলিশ তাদের উপর নির্যাতন চালাচ্ছে।
তারা লেখে, "তারা আমাদের অপরাধী বানানোর চেষ্টা করছে। আমরা নিরপরাধ। তারা আমাদের জনগণ, প্রচারমাধ্যম আমাদের পরিবার এবং আইনজীবীর কাছ থেকেও দূরে রাখার চেষ্টা করে যাচ্ছে। আমাদের বাঁচান।"
আদালতে এক মার্কিনি পেট ব্যথার অভিযোগ করলে আদালত তার মেডিক্যাল চেক আপ করানোর নির্দেশ দেয় বলে জানান পুলিশ কর্মকর্তা আমির আব্বাস সিরাজী।
এ ৫ মার্কিনিকে রাজধানী ইসলামাবাদ থেকে ১৯০ কিমি দূরের শহর সারগোধা থেকে গ্রেপ্তার করা হয়।
এদের দু'জন পাকিস্তানি, একজন মিশরীয়, একজন ইয়েমেনি এবং একজন ইরিত্রিয়ান বংশোদ্ভূত। অপরাধ প্রমাণিত হলে তাদের দীর্ঘ কারাবাসের শাস্তি হতে পারে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/এলকিউ/১৬৩৩ ঘ.
bdnews24