২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মেক্সিকোয় জন্মদিনের অনুষ্ঠানে বন্দুকধারীদের গুলিবর্ষন, নিহত ১৪

মেক্সিকোর চিহুয়াহুয়ার সিওদাদ হুয়ারেজে রোববার একটি জন্মদিনের অনুষ্ঠানে বন্দুকধারীদের গুলিতে ১৪ জন নিহত ও আরও ১৪ জন আহত হয়েছে। (ভিডিও দেখুন)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Feb 2010, 09:57 AM

Updated : 24 Aug 2022, 06:31 PM

সিওদাদ হুয়ারেজ, মেক্সিকো, ফেব্র"য়ারি ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মেক্সিকোর চিহুয়াহুয়ার সিওদাদ হুয়ারেজে রোববার একটি জন্মদিনের অনুষ্ঠানে বন্দুকধারীদের গুলিতে ১৪ জন নিহত ও আরও ১৪ জন আহত হয়েছে। টেক্সাসের এল পাসো সীমান্তে অবস্থিত শহরটিতে রোববার সকালে গাড়ি থেকে নেমে বন্দুকধারীরা একটি বাড়িতে ঢুকে সেখানে জন্মদিনের অনুষ্ঠানে যোগদানকারী শিক্ষার্থীদের ওপর গুলিবর্ষণ করে। এই শিক্ষার্থীরা তাদের এক সহপাঠীর জন্মদিন উদযাপন করছিল। ঘটনাস্থলের কাছের এক বাসিন্দা বলেন, "হামলাকারীরা গাড়িতে করে এসেছিল এবং সশস্ত্র ছিল। তারা বাড়ির ভেতরে প্রবেশ করে এবং সবাইকে গুলি করে। চারপাশ থেকে গুলির আওয়াজ শোনা যাচ্ছিল।" চিহুয়াহুয়ার অ্যাটর্নি জেনারেল প্যাত্রিসিয়া গঞ্জালেজ জানান, হামলার সঙ্গে সম্ভবত মাদক চোরাকারবারিদের সংযোগ রয়েছে। এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, "আমাদের কাছে দুই ধরনের তদন্ত প্রতিবেদন আছে এবং একটিতে ঘটনার সঙ্গে মাদক চোরাকারবারীদের সংযোগের কথা বলা হয়েছে।" বিস্তারিত না জানিয়ে তিনি আরও বলেন, "আমরা প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানতে পেরেছি বন্দুকধারী লোকগুলো কাউকে খুঁজতে এসেছিল।" গঞ্জালেজ আরও জানান, আহতদের মধ্যে দু জনের অবস্থা আশঙ্কাজনক। সেনাবাহিনী জানিয়েছে, হতাহতদের বয়স ১৫ থেকে ২০ বছরের মধ্যে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/কেএমএস/১৩৩৫ ঘ.