২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

খসড়া শান্তি চুক্তিতে পৌঁছাতে বশিরের আল্টিমেটাম

বিদ্রোহীদের সঙ্গে বৃহস্পতিবারের মধ্যে কোনো খসড়া শান্তি চুক্তিতে পৌঁছানো না গেলে দারফুর শান্তি আলোচনা থেকে সরে যাওয়ার হুমকি দিয়েছেন সুদানের প্রেসিডেন্ট ওমর আল-বশির।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Dec 2010, 07:37 AM

Updated : 25 Aug 2022, 07:54 PM

ঢাকা, ডিসেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিদ্রোহীদের সঙ্গে বৃহস্পতিবারের মধ্যে কোনো খসড়া শান্তি চুক্তিতে পৌঁছানো না গেলে দারফুর শান্তি আলোচনা থেকে সরে যাওয়ার হুমকি দিয়েছেন সুদানের প্রেসিডেন্ট ওমর আল-বশির। বিবিসি জানিয়েছে, বুধবার দারফুরে এক সমাবেশে যোগ দিয়ে বশির বলেন, বৃহস্পতিবারের মধ্যে সমঝোতায় পৌঁছানোর সময় সীমা নির্ধারণ করা হয়েছে। আর তাতে ব্যর্থ হলে আলোচনা থেকে সরে আসা হবে। বশিরের এ বক্তব্যকে 'যুদ্ধ ঘোষণা' বলে অভিহিত করেছে বিদ্রোহী গোষ্ঠী জাস্টিস অ্যান্ড ইকুয়ালিটি মুভমেন্ট (জেইএম)। জেইএম-এর সদস্যরা সুদানের নিরাপত্তা বাহিনী ও আরব আধাসামরিক বাহিনীর যুদ্ধে লিপ্ত রয়েছে। বশির বলেন, "কোনো সমঝোতা না হলে আমাদের সমঝোতাকারী দলকে প্রত্যাহার করবো এবং তারপর দারফুরে শান্তি আলোচনা হবে।" "যারা অস্ত্র হাতে নিতে চায় তাদের বিরুদ্ধে আমরা যুদ্ধ চালিয়ে যাবো। আর যারা উন্নতি চায় তাদের সঙ্গে আমরা পরবর্তীতে বসবো।", বলেন তিনি। কাতারে এখন উভয়পক্ষের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন সমঝোতাকারীরা। দারফুরে সংঘটিত যুদ্ধাপরাধ ও গণহত্যার অভিযোগে বশিরের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে। তবে এসব অভিযোগ অস্বীকার করে আসছেন বশির। জাতিসংঘ বলেছে, ২০০৩ সালে দারফুরে গৃহযুদ্ধ শুরু হওয়ার পর থেকে সেখানে এ পর্যন্ত প্রায় ৩ লাখ মানুষ নিহত হয়েছে। আর ঘরবাড়ি ছেড়ে পালিয়েছে প্রায় ২৭ লাখ মানুষ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/সিআর/১৩৩৩ ঘ.