স্টকহোম, ডিসেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ডেনমার্কে হামলা পরিকল্পনার সন্দেহে তিন সুইডিশ নাগরিকসহ ৫ জন গ্রেপ্তার হয়েছে। সুইডিশ বার্তা সংস্থা টিটি বুধবার একথা জানিয়েছে।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতরা মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) এর ব্যঙ্গচিত্র প্রকাশ করা পত্রিকাটিতে হামলা চালানোর পরিকল্পনা করেছিলো বলে সন্দেহ করা হচ্ছে।
ডেনিশ পত্রিকায় ২০০৫ সালে প্রকাশিত মহনবীর ওই ব্যঙ্গচিত্র বিশ্বব্যাপী তোলপাড় সৃষ্টি করেছিলো।
ডেনমার্কের (পিইটি) নিরাপত্তা পুলিশ বাহিনী জানিয়েছে, সন্দেহভাজনরা কোপেনহেগেনের একটি অফিস ব্লকে প্রবেশ করে যত বেশি সংখ্যক সম্ভব মানুষ মারার পরিকল্পনা করেছিলো।
ওই ব্লকে দৈনিক জিল্যান্ড-পোস্টেনসহ আরো অনেক পত্রিকা অফিস আছে। ষড়যন্ত্রকারীরা জিল্যান্ড-পোস্টেন পত্রিকায় সন্ত্রাসী হামলার পরিকল্পনা করেছিলো বলে তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে জানিয়েছে পিইটি।
আগামী কয়েকদিনের মধ্যেই এ হামলা চালানো হতো বলেই ধারণা করছে পিইটি।
পিইটি আরো জানায়, আটক হওয়া তিন সুইডিশ নাগরিক মঙ্গলবার রাতে ডেনমার্কে প্রবেশ করে। তাদেরকে তল্লাশি চালিয়ে সাইলেন্সার লাগানো একটি পিস্তলসহ তাজা গোলাবারুদ পাওয়া গেছে।
ওদিকে, সুইডিশ বার্তা সংস্থা টিটি জানায়, ডেনমার্ক ও সুইডিশ কর্তৃপক্ষ একযোগে কাজ করে এ হামলা পরিকল্পনা নস্যাৎ করেছে।
সুইডিশ নিরাপত্তা পুলিশ বাহিনী (এসএপিও) এক বিবৃতিতে জানিয়েছে, ৪ জনকে ডেনমার্কে এবং একজনকে সুইডেনে গ্রেপ্তার করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২১০১ ঘ.
bdnews24