সিউল, ডিসেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-- কোরিয়া উপদ্বীপে পরমাণু সঙ্কট আলোচনার মধ্য দিয়েই সমাধান করতে হবে। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি মিয়ুং বাক বুধবার একথা বলেছেন।
কিন্তু সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে অনৈক্য এবং উত্তর কোরিয়ার ওপর যথেষ্ট চাপ না থাকায় আন্তর্জাতিক আলোচনার সম্ভাবনা ক্ষীণ।
পররাষ্ট্রমন্ত্রণালয়ের নীতি ব্যাখ্যা করে লি বলেন, উত্তর কোরিয়ার পরমাণু নিরস্ত্রীকরণ সংক্রান্ত ছয়জাতি বৈঠকই অর্থনৈতিক ও কূটনৈতিক সুবিধার বিনিময়ে পিয়ংইয়ং এর পরমাণু কর্মসূচির অবসান ঘটানোর একমাত্র সুযোগ্য ফোরাম।
উত্তর কোরিয়া দু'বছর আগে এ আলোচনা থেকে বেরিয়ে গেছে।
লি বলেন, "উত্তর কোরিয়ার পরমাণু কর্মসূচির অবসান আগামী বছর ছয়জাতি আলোচনার মধ্য দিয়েই ঘটানো যেতে পারে বলে আমি মনে করি।"
এর পাশাপাশি লি কোরিয়া উপদ্বীপের সঙ্কট নিরসনেও উত্তর কোরিয়ার নতুন করে আলোচনায় বসার আহ্বান জানান। তিনি বলেন, সিউলের একক সামরিক নীতিতে উত্তেজনা কমবে না।
তবে লি'র কোনো আহ্বানে উত্তর কোরিয়য়ার এ মুহূর্তে বড় ধরনের কোনো ছাড় দেওয়ার সম্ভাবনা নেই বলেই মনে করছেন বিশ্লেষকরা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৬১২ ঘ.
bdnews24