২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'আইভরি কোস্টে সংকট নিরসনে আরো আলোচনা প্রয়োজন'

পশ্চিম আফ্রিকার তিনটি দেশের নেতা আইভরি কোস্টের প্রেসিডেন্ট পদ থেকে সরে দাঁড়ানোর ব্যাপারে আল্টিমেটাম দেওয়ার লক্ষ্যে লঁর‌্যা বাগবোর সঙ্গে সাক্ষাৎ করেছেন। সাক্ষাৎ শেষে তারা জানিয়েছেন, এ ব্যাপারে আরো আলোচনা প্রয়োজন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2010, 07:13 AM

Updated : 25 Aug 2022, 07:53 PM

আবিদজান, ডিসেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- পশ্চিম আফ্রিকার তিনটি দেশের নেতা আইভরি কোস্টের প্রেসিডেন্ট পদ থেকে সরে দাঁড়ানোর ব্যাপারে আল্টিমেটাম দেওয়ার লক্ষ্যে লঁর‌্যা বাগবোর সঙ্গে সাক্ষাৎ করেছেন। সাক্ষাৎ শেষে তারা জানিয়েছেন, এ ব্যাপারে আরো আলোচনা প্রয়োজন। তবে মঙ্গলবার আল্টিমেটাম দেওয়ার আগেই তা উপেক্ষা করেছেন আইভরি কোস্টের প্রেসিডেন্ট লঁর‌্যা বাগবো। এ প্রসঙ্গে বাগবোর নেতৃত্বাধীন সরকার জানিয়েছে, প্রেসিডেন্ট দাবিদার আলাসানে ওয়াত্তারাকে যে দেশই স্বীকৃতি দেবে তার সঙ্গেই সম্পর্ক ছিন্ন করবে তারা। মঙ্গলবার বাগবো নেতৃত্বাধীন সরকারের মুখপাত্র রাষ্ট্রায়ত্ত টেলিভিশনে বলেন, "সরকার দ্ব্যর্থহীন ভাষায় পরিষ্কারভাবে জানিয়ে দিতে চায়, এ ধরনের বিষয়কে (আলাসানে ওয়াত্তারাকে প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি বা এ সম্পর্কিত কোনোকিছু) যারা সামনে নিয়ে আসবে, আইভরি কোস্টে তাদের (দেশের) কূটনীতিকদের মিশন বন্ধ করে দেওয়ার অধিকার তারা (সরকার) সংরক্ষণ করে।" বাগবোকে শান্তিপূর্ণভাবে ক্ষমতা থেকে সরে দাঁড়ানোর শেষ একটি সুযোগ দিতে মঙ্গলবার পশ্চিম আফ্রিকার তিনটি দেশের নেতাদের সমন্বয়ে একটি প্রতিনিধিদল আইভরি কোস্টে যান। প্রতিনিধিদলের নেতারা হচ্ছেন, সিয়েরা লিওন, বেনিন ও কেপ ভার্দের তিন নেতা বনি ইয়াইি, আর্নেস্ট বাই কোরোমা এবং পেদ্রো পাইরেস। বাগবো সরকার প্রথমে তাদেরকে ভাই ও বন্ধুর মতো সাদরে বরণ করা এবং তাদের বার্তা মেনে দেওয়ার ইঙ্গিত দিলেও কিছুক্ষণ পরই জানায়, তারা তাদের অভ্যন্তরীণ ব্যাপারে কোনোরকম হস্তক্ষেপ মেনে নেবে না। ১৩০০ জিএমটি তে বাগবোর সঙ্গে নেতাদের বৈঠকের আগেই আইভরি কোস্ট সরকার জানায়, "তারা তাদের ব্যাপারে কারো নাক গলানো মেনে নেবে না। আর প্রতিপক্ষ ওয়াত্তারার ক্ষমতায় আরোহণের পথ করে দেওয়ার কোনো আহ্বানেও কর্ণপাত করবে না।" উল্লেখ্য, আইভরি কোস্টে গত মাসে নির্বাচনের পর ক্ষমতার লড়াইয়ের পরিস্থিতি জটিল হয়ে উঠেছে। আঞ্চলিক এবং বিশ্ব নেতারা চায় প্রেসিডেন্ট বাগবো নির্বাচনে জয়ের দাবিদার প্রতিপক্ষ আলাসানে ওয়াত্তারার হাতে ক্ষমতা ছেড়ে দিক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/সিআর/১৩১০ ঘ.