মোগাদিসু, ডিসেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ছিনতাই হওয়া বাংলাদেশি পতাকাবাহী জাহাজের নাবিকদের মুক্তির বিষয়ে কোনো অগ্রগতি দেখা না গেলেও আট মাস আগে ছিনতাই হওয়া রাসায়নিক দ্রব্যবাহী জার্মানির একটি জাহাজ ছেড়ে দিয়েছে সোমালীয় জলদস্যুরা, যাতে দুই বাংলাদেশি নাবিক রয়েছেন।
তবে জার্মান কোম্পানির মালিকানাধীন অপর একটি তেলবাহী জাহাজ ছিনতাই হয়েছে।
কেনিয়াভিত্তিক সমুদ্রবাণিজ্য সহায়তা কর্মসূচির প্রধান আন্দ্রে ময়াংগুরা বুধবার সাংবাদিকদের জানিয়েছেন, মুক্তিপণ বাবদ ৫৫ লাখ ডলার রোববার পাওয়ার পর জলদস্যুরা মঙ্গলবার 'মারিডা মার্গারিট' নামক জাহাজটি ছেড়ে দেয়।
ওই জাহাজের ২২ জন নাবিকের মধ্যে বাংলাদেশি ছাড়াও ১৯ জন ভারতীয় এবং এক জন ইউক্রেনীয় নাগরিক রয়েছেন। উদ্ধার নাবিকদের নাম-ঠিকানা জানা যায়নি।
ভারত থেকে বেলজিয়াম যাওয়ার পথে গত মে মাসে এডেন সাগরে সোমালীয় জলদস্যুদের কবলে পড়ে মারিডা মার্গারিট নামের এ জাহাজটি।
জার্মানির মারিডা মার্গারিট জাহাজটি ছাড়া পেলেও সোমালী জলদস্যুরা 'দ্য এমস (ইএমএস) রিভার' নামে অপর একটি জাহাজ ছিনতাই করেছে বলে ময়াংগুরা জানান।
ময়াংগুরা বলেন, "সোমবার জাহাজটি আটজন ক্রুসহ ছিনতাইয়ের শিকার হয়েছে।"
ভারত মহাসাগরে জলদস্যুতা ঠেকানোর ব্যাপারে সহায়তার লক্ষ্যে নিয়মিত টহল পরিচালনাকারী ইউরোপীয় ইউনিয়নের নৌবাহিনী তাদের ওয়েবসাইটে দ্য এমস (ইএমএস) রিভার ছিনতাই হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে।
তারা জানিয়েছে, জাহাজটিতে আটজন ক্রুর মধ্যে একজন রোমানিয়ান ও অপর সাতজন ফিলিপিনো। জাহাজটি সংযুক্ত আরব আমিরাত থেকে গ্রিসে যাওয়ার পথে জলদস্যুদের কবলে পড়ে।
এ মাসের শুরুতে ভারত মহাসগরে বাংলাদেশের পতাকাবাহী জাহাজ 'জাহান মনি' ছিনতাই হয়। ওই জাহাজে ২৫ জন নাবিকসহ ২৬ জন বাংলাদেশি রয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআই/সিআর/এমআই/১৩৪২ ঘ.
bdnews24