প্যারিস, ডিসেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- পশ্চিম আফ্রিকার নেতারা আইভরি কোস্টের নেতা ল্যঁরা বাগবোকে ক্ষমতা থেকে সরে দাঁড়ানোর আল্টিমেটাম দেওয়ার আগেই মঙ্গলবার তা উপেক্ষা করেছে তার সরকার।
বাগবোকে শান্তিপূর্ণভাবে ক্ষমতা থেকে সরে দাঁড়ানোর শেষ একটি সুযোগ দিতে পশ্চিম আফ্রিকার তিনটি দেশের নেতা এদিন আইভরি কোস্টে যান।
বাগবোকে ক্ষমতা থেকে সরে দাঁড়াতে বলা নয়তো জোর করে তাকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার আল্টিমেটাম দিতে এ সফরে গেছেন সিয়েরা লিওন, বেনিন ও কেপ ভার্দের তিন নেতা বনি ইয়াইি, আর্নেস্ট বাই কোরোমা এবং পেদ্রো পাইরেস।
বাগবো সরকার প্রথমে তাদেরকে ভাই ও বন্ধুর মতো সাদরে বরণ করা এবং তাদের বার্তা মেনে দেওয়ার ইঙ্গিত দিলেও কিছুক্ষণ পরই জানায়, তারা তাদের অভ্যন্তরীণ ব্যাপারে কোনোরকম হস্তক্ষেপ মেনে নেবে না।
১৩০০ জিএমটি তে বাগবোর সঙ্গে নেতাদের বৈঠকের আগেই আইভরি কোস্ট সরকার জানায়, "তারা তাদের ব্যাপারে কারো নাক গলানো মেনে নেবে না। আর প্রতিপক্ষ ওয়াত্তারার ক্ষমতায় আরোহণের পথ করে দেওয়ার কোনো আহ্বানেও কর্ণপাত করবে না।"
বাগবো ক্ষমতা থেকে সরে দাঁড়াবেন কি না এ প্রশ্নের জবাবে বিবিসি'র সঙ্গে এক সাক্ষাৎকারে আইভরি কোস্ট সরকারের মুখপাত্র আহৌয়া ডোন মেলো বলেন, " সার্বভৌম কোনো রাষ্ট্রে হস্তক্ষেপ করে জোর করে কোনো প্রেসিডেন্ট চাপিয়ে দেওয়ার অধিকার কোনো আন্তর্জাতিক প্রতিষ্ঠানের নেই।"
উল্লেখ্য, আইভরি কোস্টে গত মাসে নির্বাচনের পর ক্ষমতার লড়াইয়ের পরিস্থিতি জটিল হয়ে উঠেছে।
আঞ্চলিক এবং বিশ্ব নেতারা চায় প্রেসিডেন্ট বাগবো নির্বাচনে জয়ের দাবিদার প্রতিপক্ষ আলাসানে ওয়াত্তারার হাতে ক্ষমতা ছেড়ে দিক।
তিন নেতা সকালে আইভরি কোস্টের প্রধান শহর আবিদজানে পৌঁছেছেন বলে জানিয়েছে বিবিসি।
সেখানে বাগবোর সঙ্গে আলোচনায় বসেছেন তারা। বাগবোকে কোনোরকম বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি হওয়ার আগেই স্বেচ্ছায় ক্ষমতা থেকে সরে দাঁড়ানোর প্রস্তাব দেবেন নেতারা। সিয়েরা লিওন সরকারের মুখপাত্র বিবিসিকে একথা জানিয়েছেন।
বাগবোর পর নেতারা ওয়াত্তারার সঙ্গেও সাক্ষাৎ করবেন বলে জানানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৭০৫ ঘ.
bdnews24