ওয়াশিংটন, ডিসেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- যুক্তরাজ্যে গ্রেপ্তারকৃতরা লন্ডনে যুক্তরাষ্ট্রের দূতাবাসে হামলার পরিকল্পনা করেছিলো বলে দাবি করেছে ওয়াশিংটন।
গত ২০ ডিসেম্বর সন্ত্রাসবিরোধী এক অভিযানে ১২ সন্দেহভাজনকে গ্রেপ্তার করে যুক্তরাজ্যের পুলিশ। পুলিশ তখন জানায়, জনগণকে হামলার সম্ভাব্য হুমকি থেকে রক্ষার জন্যই তাদের গ্রেপ্তার করা হয়েছে।
পরে তাদের মধ্যে তিনজনকে কোনো অভিযোগ ছাড়াই মুক্তি দেওয়া হয়। কিন্তু বাকি নয় জনের বিরুদ্ধে সন্ত্রাসী হামলার পরিকল্পনা ও প্রস্তুতির অভিযোগ আনা হয়েছে।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র মার্ক টোনার সোমবার দাবি করেন, তাদের দূতাবাসে হামলার পরিকল্পনা ছিলো।
তিনি বলেন, "আমরা হামলার তালিকায় ছিলাম, এ বিষয়টি আমি সচেতনভাবেই নিশ্চিত করছি।"
সন্দেহভাজন ওই ১২ জনকে পূর্ব লন্ডন, কার্ডিফ ও স্টোক-অন-ট্রেন্ট থেকে গ্রেপ্তার করা হয়। এই গ্রেপ্তার বিষয়ে একটি বিবৃতি দেয় যুক্তরাজ্য পুলিশ। তবে তাতে হামলার সম্ভাব্য লক্ষ্য সম্পর্কে কিছু বলা হয়নি।
গ্রেপ্তার নয় জনের মধ্যে বাংলাদেশি বংশোদ্ভূত কয়েকজন রয়েছেন বলে ধারণা করা হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/এমআই/১০৫২ঘ.
bdnews24