কারাকাস, ডিসেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ভেনেজুয়েলার সাবেক প্রেসিডেন্ট কার্লোস আন্দ্রেস পেরেস (৮৮) মারা গেছেন। হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শনিবার যুক্তরাষ্ট্রের মিয়ামির মার্সি হাসপাতালে তার মৃত্যু হয়।
পেরেসের মেয়ে মারিয়া ফ্লান্সিয়ার বরাত দিয়ে ভেনেজুয়েলার সংবাদমাধ্যম গ্লোবোভিশন একথা জানিয়েছে।
পেরেস ১৯৭৪ থেকে ১৯৭৯ এবং ১৯৮৯ থেকে ১৯৯৩ সাল পর্যন্ত দুই মেয়াদে ভেনেজুয়ালার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন। তবে দুর্নীতির দায়ে দ্বিতীয় মেয়াদ পূরণ হওয়ার সাত মাস আগে তিনি ক্ষমতাচ্যুত হন।
তারপর দুর্নীতির দায়ে ২৮ মাসের কারাদণ্ড দেওয়া হয় পেরেসকে। তবে তিনি কখনোই কোনো অন্যায় করার কথা স্বীকার করেননি।
দণ্ডের প্রথম কয়েক মাস রাজধানী কারাকাসের এক কারাগারে বন্দি ছিলেন পেরেস। বার্ধক্যজনিত কারণে পরবর্তীতে তাকে গৃহবন্দি রাখা হয়। আর সাজা শেষে বসবাসের জন্য যুক্তরাষ্ট্রের মিয়ামিতে চলে যান পেরেস।
ভেনেজুয়েলার বর্তমান প্রেসিডেন্ট হুগো শ্যাভেজ ১৯৯২ সালে সেনাবাহিনীতে চাকরি করার সময় পেরেসের বিরুদ্ধে অভ্যুত্থানের নেতৃত্বে দিয়েছিলেন। এরপর তাকে দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিলো।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এজে/১২০৯ ঘ.
bdnews24