মোগাদিসু, ডিসেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- বাংলাদেশের পতাকাবাহী জাহাজের পর এবার চট্টগ্রাম বন্দর অভিমুখী থাই পতাকাবাহী একটি জাহাজ ছিনতাই করেছে সোমালি জলদস্যুরা।
এমভি থর নেক্সাস নামের ওই জাহাজটি আরব আমিরাত ছেড়ে আসছিলো। ভারত মহাসাগরে এটি জলদস্যুদের কবলে পড়ে বলে একটি আঞ্চলিক সমুদ্র পর্যবেক্ষক গ্র"প ও সোমালিয়ায় ইউরোপীয় ইউনিয়নের নৌবাহিনী শনিবার জানিয়েছে।
জাহাজটিতে ২৭ জন নাবিক রয়েছেন। গত ৫ ডিসেম্বর আরব সাগরে ছিনতাই হওয়া বাংলাদেশি পতাকাবাহী 'জাহান মনি'তে ২৫ জন নাবিক ও একজন কর্মকর্তার স্ত্রী রয়েছেন।
কেনিয়াভিত্তিক পূর্ব আফ্রিকার সমুদ্রযাত্রায় সহায়তা কর্মসূচির কর্মকর্তা অ্যান্ড্রু মুয়ানগুরা বলেন, সংযুক্ত আরব আমিরাত থেকে ছেড়ে যাওয়া থাই পতাকাবাহী জাহাজটি শনিবার সকালে ছিনতাই করে জলদস্যুরা।
একটি বিবৃতিতে মুয়ানগুরা বলেন, "এ পর্যন্ত পাওয়া তথ্যে দেখা গেছে, ওমানের সালালা বন্দরের ৩৫০ মাইল পূর্বে এমভি থর নেক্সাস জাহাজটি ছিনতাই করে জলদস্যুরা।"
ইউরোপীয় ইউনিয়নের নৌবাহিনী এক বিবৃতিতে জানায়, সাধারণ কার্গো জাহাজটির ওজন ২০ হাজার ৩৭৭ টন এবং ভারত মহাসাগরে সোকোত্রো দ্বীপের ৪৫০ নটিক্যাল উত্তর-পূর্বে জাহাজটি ছিনতাই হয়।
মুয়ানগুরা বলেন, জাহাজটি বাংলাদেশ অভিমুখে যাচ্ছিলো।
জাহাজটি বাংলাদেশে আসছিলো বলে ইউরোপীয় নৌবাহিনীও নিশ্চিত করেছে। এর আগে একটি খবরে বলা হয়, জাহাজটির গন্তব্য ছিলো পাকিস্তান।
ছিনতাই ঠেকাতে বিদেশি নৌ সেনাদের প্রচেষ্টা সত্ত্বেও ভারত মহাসাগর ও এডেন উপসাগরে বাণিজ্যিক জাহাজ ছিনতাই করে লাখ লাখ ডলার মুক্তিপণ আদায় করছে সোমালি জলদস্যুরা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এমআই/১১৩০ ঘ.
bdnews24