ঢাকা, ডিসেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইকুয়েডরে এক বাস দুর্ঘটনায় ৩৫ জনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছে ২৫ জনেরও বেশি যাত্রী।
নিহতদের মধ্যে অন্ততপক্ষে ৮টি শিশু রয়েছে বলে বিবিসি শুক্রবার জানিয়েছে। ইকুয়েডরের পশ্চিমাঞ্চলে এল কারমেন শহরের কাছে এই দুর্ঘটনা ঘটে।
যান্ত্রিক ত্র"টির কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে কেউ কেউ ধারণা করলেও রেড ক্রসের কর্মীরা জানিয়েছে, কুয়াশা ও বৃষ্টির কারণেও এটি ঘটে থাকতে পারে।
দুর্ঘটনা থেকে বেঁচে যাওয়া এক যাত্রী 'এল টেলিগ্রাফো' সংবাদপত্রকে জানিয়েছে, বাসের গিয়ার ও ব্রেক অকার্যকর হয়ে গিয়েছিল।
অন্য এক সংবাদপত্র 'এল তায়েম্পো' পুলিশকে উদ্ধৃত করে জানিয়েছে, দুর্ঘটনায় ৩৫ জন নিহত হয়েছে। তবে অন্যান্য সংবাদমাধ্যম তাদের প্রতিবেদনে মৃতের সংখ্যা আরো বেশি বলে দাবি করেছে।
এ সংখ্যা বাড়বে বলেও জানিয়েছে তারা।
পাহাড়ি রাস্তা দিয়ে যাওয়ার পথে যাত্রীবাহী ওই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ১১শ' ফুট নিচে খাদে পড়ে যায়৷
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১১২৩ ঘ.
bdnews24