ঢাকা, ডিসেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারী তুষারপাতের ফলে পশ্চিম ইউরোপে দুর্ভোগে পড়েছে মানুষ। রেল, বিমান ও সড়ক যোগযোগে বিপর্যয় দেখা দিয়েছে।
বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, ফ্রান্স, বেলজিয়াম, জার্মানি ও নেদারল্যান্ডসে আবারো ভারী তুষারপাত শুরু হয়েছে।
প্যারিসের প্রধান বিমান বন্দর চার্লস দ্য গল-এ আটকা পড়েছে দুই হাজার যাত্রী। এ বিমান বন্দরে অর্ধেক ফ্লাইট বাতিল করা হয়েছে।
বেলজিয়ামে জনসাধারণকে গাড়ি নিয়ে বের না হওয়ার পরামর্শ দিয়েছে পুলিশ। বেলজিয়ামের চার্লেরোই বিমান বন্দরে অনেক যাত্রী আটকা পড়েছে। তারা বৃহস্পতিবার রাতে বিমানবন্দরেই কাটিয়েছে।
ব্রাসেলস বিমান বন্দরেও ফ্লাইট বাতিল করা হয়েছে। ব্রাসেলস ও বেশ কয়েকটি শহরে রাস্তায় বরফ জমে যাওয়ায় বাস চলাচল বন্ধ হয়ে গেছে।
তুষারপাতের কারণে জার্মানিতে বেশ কয়েকটি সড়ক দুর্ঘটনা ঘটেছে। বার্লিন থেকে হ্যানোভার পর্যন্ত রেল চলাচল বন্ধ হয়ে গেছে।
স্কটল্যান্ড ও যুক্তরাজ্যের উত্তরপূর্বাঞ্চলে শুক্রবার ভারী তুষারপাত হয়েছে। ক্রিসমাস উপলক্ষে অনেক মানুষ ট্রেনে বাড়ি যাওয়ার প্রস্তুতি নিয়েছে। কিন্তু রেল কর্তৃপক্ষ বলেছে, তারা কয়েকটি লাইনে ট্রেন কমিয়ে দিচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/কেএমএস/২০০৬ ঘ.
bdnews24