২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আর্জেন্টিনার সাবেক স্বৈরশাসক ভিদেলার যাবজ্জীবন কারাদণ্ড

আর্জেন্টিনার সাবেক স্বৈরশাসক হোর্হে রাফায়েল ভিদেলাকে খুন, নির্যাতন ও অপহরণের দায়ে বুধবার যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে দেশটির একটি আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Dec 2010, 08:06 AM

Updated : 25 Aug 2022, 07:51 PM

বুয়েন্স আয়ার্স, ডিসেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আর্জেন্টিনার সাবেক স্বৈরশাসক হোর্হে রাফায়েল ভিদেলাকে খুন, নির্যাতন ও অপহরণের দায়ে বুধবার যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে দেশটির একটি আদালত। ১৯৭৬ থেকে ১৯৮৩ সাল পর্যন্ত ভিদেলার শাসনামলে বামপন্থীদের বিরুদ্ধে পরিচালিত দমন অভিযানে হাজার হাজার মানুষ মারা যায়। ৮৫ বছর বয়সী ভিদেলা ওই অপরাধের অভিযোগে বেশ কয়েক বছর সামরিক কারাগারে ও গৃহবন্দি অবস্থার মধ্যে কাটিয়েছেন। করডোবার আদালতে বিচার চলাকালে ভিদেলা বলেন, "একটি নোংরা যুদ্ধ নিয়ে আমি কথা বলতে চাই না। একটি ন্যায় যুদ্ধ নিয়ে কথা বলতে আমি স্বাচ্ছন্দ্য বোধ করবো।" তার শাসনামলের আরো ২৯ সেনা কর্মকর্তার বিচার কাজ চলে ওই আদালতে। আদালত তাকে সাধারণ কারাগারে পাঠানোর নির্দেশ দিলে উপস্থিত মানবাধিকার কর্মীরা তাতে উল্লসিত হয়। মানবাধিকার কর্মীরা জানায়, ভিদেলার শাসনামলে ৩০ হাজারের মতো মানুষকে হত্যা ও অপহরণ করা হয়েছে। অন্য দুই সেনা কর্মকর্তাকে নিয়ে ১৯৭৬ সালের ২৪ মার্চ সামরিক অভ্যুথানের মধ্য দিয়ে ভিদেলা আর্জেন্টিনার ক্ষমতা দখল করেন। ডেইলি লা নেসিয়ন পত্রিকা ভিদেলার উদ্ধৃতি দিয়ে জানায়, "শত্র"দের লক্ষ্য পূরণ হয়েছে এবং এখন তারা দেশ শাসন করছে। মানবাধিকার রক্ষায় চ্যাম্পিয়ন হওয়ার চেষ্টা করছে তারা।" আর্জেন্টিনার প্রেসিডেন্ট ক্রিশ্চিনা ফার্নান্দেজকে ইঙ্গিত করে একথা বলেন তিনি। ফার্নান্দেজের প্রয়াত স্বামী সাবেক প্রেসিডেন্ট নেস্টর কির্চনেরের শাসনামলে (২০০৩-২০০০৭) ভিদেলারের বিরুদ্ধে তদন্তে আরো জঘন্য অপরাধের চিত্র উঠে আসে। ১৯৮৩ সালে দক্ষিণ আমেরিকার দেশগুলোতে আবার গণতন্ত্র ফিরে আসলে ১৯৮৫ সালে যাবজ্জীবন কারাদণ্ড হয় ভিদেলার। কিন্তু পাঁচ বছর লুকিয়ে থাকার পর প্রেসিডেন্ট কার্লোস মেনেম এর কাছ থেকে সাধারণ ক্ষমা পাওয়ায় ভিদেলার সাজা মওকুফ হয়। ২০০৭ সালে একটি আদালত ভিদেলার সাজা মওকুফের বিষয়টি খারিজ করে দিয়ে তাকে আবার মানবতার বিরুদ্ধে অপরাধের অভিযোগে বিচারের আওতায় আনে। আর সে বিচারে ১৯৮৫ সালের পর এবার তাকে আবার যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএম/এএইচ/সিআর/১৩৫৫ ঘ.