লস এঞ্জেলেস, ডিসেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের স্মৃতিকথা 'ডিসিশন পয়েন্টস' ২০ লাখেরও বেশি কপি বিক্রি হয়েছে।
ক্রাউন প্রকাশনা গোষ্ঠী বুধবার এ খবর জানায়।
নভেম্বরের প্রথমদিকে 'ডিসিশন পয়েন্টস' প্রকাশিত হওয়ার পর থেকে শক্ত মলাট ও ডিজিটাল ভার্সনের ২০ লাখেরও বেশি কপি বিক্রি হয়েছে বলে ক্রাউন জানায়।
যুক্তরাষ্ট্রের আরেক সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনের স্মৃতিকথা 'মাই লাইফ' ২০০৪ সালে প্রথম প্রকাশিত হওয়ার পর ২২ লাখ কপি বিক্রি হয়েছিল।
ক্রাউনের মুখপাত্র এই বিক্রিকে অনন্যসাধারণ বলে মন্তব্য করে জানান, ২০১০ সালে কোনো 'ননফিকশন' ১০ লাখের বেশি কপি বিক্রি হয়েছে কিনা তিনি মনে করতে পারছেন না।
'ডিসিশন পয়েন্টস' -এ বুশ ক্ষমতায় থাকাকালীন হোয়াইট হাউজ ও তার প্রশাসন নিয়ে স্মৃতিচারণ করেছেন। এতে ৯/১১ এর ঘটনাও স্থান পেয়েছে। সেই সঙ্গে কেন তিনি আফগানিস্তান ও ইরাক যুদ্ধের সিদ্ধান্ত নিয়েছিলেন তার প্রেক্ষাপটও তিনি তুলে ধরেছেন ওই বইতে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১১৪৬ ঘ.
bdnews24