সিউল ডিসেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-পদাতিক, গোলন্দাজ ও বিমান বাহিনী সহযোগে কোরীয় সীমান্তে বৃহস্পতিবার আবার বড় ধরনের নতুন সামরিক মহড়া শুরু করার ঘোষণা দিয়েছে দক্ষিণ কোরিয়া।
বিবিসি জানায়, দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনীর এক মুখপাত্র বুধবার বলেছেন, বৃহস্পতিবারের এ সামরিক মহড়া কোরীয় সীমান্তের ২০ কিলোমিটার দক্ষিণে পোচেয়নে চালানো হবে।
বুধবার শুরু হওয়া নৌ সেনাদের সামরিক মহড়ার পাশাপাশি গোলন্দাজ বাহিনী, যুদ্ধবিমান সহযোগে বিমান বাহিনী ও ৮ শ' পদাতিক সেনা বৃহস্পতিবারের ওই মহড়ায় অংশ নেবে বলে জানান তিনি।
নিয়মিত মহড়ার অংশ হিসেবে ছয়টি যুদ্ধজাহাজ ও হেলিকপ্টার নিয়ে বুধবার দক্ষিণ কোরিয়ার পূর্ব উপকূলে সামরিক মহড়া শুরু করেছে দক্ষিণের নৌ সেনারা।
মুখপাত্র বলেন, এর আগেও পোচেয়নে সামরিক মহড়া হয়েছে। কিন্তু এটা হবে নজিরবিহীন।
সবচেয়ে বড় গোলাগুলির মহড়াসহ স্থল ও সমুদ্রে নতুন এ সামরিক মহড়া চালাবে দক্ষিণ কোরিয়া।
তিনি বলেন, "এ মহড়ায় সামরিক সরঞ্জাম ব্যবহার হবে ব্যাপক। সাধারণত আমাদের যেখানে কে-৯ কামান থাকে ৬টি সেখানে পোচেয়নে থাকবে ৩৬টি।"
এফ-১৫ যুদ্ধবিমান থেকে গুলি চালিয়ে মহড়া করা হবে বলেও জানান তিনি।
দক্ষিণ কোরিয়ার নতুন এ মহড়ার ঘোষণায় তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানায়নি উত্তর কোরিয়া।
দক্ষিণ কোরিয়ার ফার্স্ট আর্মড ব্যাটালিয়ানের কমান্ডার চু ইউন-সিক ইয়োনহ্যাপ বার্তা সংস্থাকে বলেছেন, "উত্তর কোরিয়া ইয়োনপিয়ংয়ে গোলা হামলার মতো কোনো উস্কানি দিলে আমরা তার সমুচিত জবাব দেবো।"
"এ সামরিক মহড়ার মাধ্যমে আমরা আমাদের সামরিক শক্তির সর্বাত্মক প্রদর্শন করবো।", বলেন তিনি।
নভেম্বরের শেষদিকে ইয়োনপিয়ং দ্বীপে উত্তর কোরিয়া গোলা হামলা চালালে দুই বেসামরিক নাগরিকসহ চারজন নিহত হয়। দক্ষিণের সেনারাও গোলা ছুড়ে সে হামলার জবাব দেয়।
ওই হামলার পর কোরীয় উপদ্বীপে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং কয়েকদিনের মাথায় পীত সাগরে যুক্তরাষ্ট্রের পরমাণু যুদ্ধজাহাজ ইউ এস জর্জ ওয়াশিংটনের অংশগ্রহণে যৌথ সামরিক মহড়া চালায় দক্ষিণ কোরিয়া।
তাছাড়া দক্ষিণ কোরিয়া গত ১৮ থেকে ২১ ডিসেম্বর ইয়োনপিয়ং দ্বীপে সামরিক মহড়া চালানোর ঘোষণা দিলে যুদ্ধের হুমকি দেয় উত্তর কোরিয়া।
তবে প্রতিকূল আবহাওয়ার কারণে কেবল ২০ ডিসেম্বর মাত্র ২ ঘণ্টার জন্য দক্ষিণের সেনারা মহড়া চালালেও তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া থেকে বিরত থাকে উত্তর কোরিয়া।
দক্ষিণের ইয়োনপিয়ং দ্বীপের সামরিক মহড়ার বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে চীন ও রাশিয়া এবং মহড়া দেওয়া থেকে বিরত থাকতে আহ্বান জানায় রাশিয়া।
এ পরিস্থিতিতে সীমান্তে দক্ষিণ কোরিয়ার বড় ধরনের এ সামরিক মহড়া কোরীয় উপদ্বীপকে সত্যিকারে যুদ্ধের মুখে ঠেলে দেবে কিনা তা নিয়ে আশঙ্কায় আছেন বিশ্লেষকরা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এলকিউ/১৫৫৭ ঘ.
bdnews24