ঢাকা, ডিসেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইরানের শাসন ব্যবস্থার বিরুদ্ধে কাজ করার অভিযোগে প্রখ্যাত ইরানি চলচ্চিত্র পরিচালক জাফর পানাহিকে ছয় বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
পানাহির আইনজীবীসূত্রে মঙ্গলবার বিবিসি এ খবর জানিয়েছে।
পানাহির আইনজীবী ফরিদা ঘিরাত বলেন, "ইরানের শাসন ব্যবস্থার বিরুদ্ধে এক সমাবেশে অংশগ্রহণ ও প্রচারণা চালানোর অভিযোগে তাকে (পানাহি) ছয় বছরের কারাদণ্ড দেওয়া হয়।"
তিনি আরো বলেন, "তার (পানাহি) বিরুদ্ধে চলচ্চিত্র নির্মাণ, চিত্রনাট্য রচনা, বিদেশ ভ্রমণ এবং স্থানীয় ও আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলার ওপর ২০ বছরের নিষেধাজ্ঞাও আরোপ করা হয়েছে।"
এই শাস্তিকে 'অত্যন্ত কঠিন' মন্তব্য করে ফরিদা ঘিরাত জানান, তার মক্কেল (পানাহি) এই দণ্ডের বিরুদ্ধে আপিল করবেন।
ইরানের কঠোর ইসলামি আইন ও শাসনব্যবস্থার একজন কড়া সমালোচক জাফর পানাহি। চলচ্চিত্র পরিচালক হিসেবে অনেক আন্তর্জাতিক পুরস্কার তিনি অর্জন করেছেন।
এ বছর ফ্রান্সের কান চলচ্চিত্র উৎসবে বিচারক প্যানেলের একজন সদস্য হিসেবে পানাহির থাকার কথা ছিল। কিন্তু ইরান সরকার তাকে যেতে অনুমতি দেয়নি। এমন কি সেপ্টেম্বরের ভেনিস চলচ্চিত্র উৎসবেও তাকে অংশ নিতে দেওয়া হয়নি।
অপর এক চলচ্চিত্র নির্মাতা মোহাম্মদ রাসুলভকেও একই অভিযোগে একই শাস্তি দেওয়া হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১১৪০ ঘ.
bdnews24