বেইজিং, ডিসেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- চীন সোমবার দুই কোরিয়াকে সশস্ত্র সংঘাত এড়ানোর আহ্বান জানিয়েছে। সেইসঙ্গে উত্তেজনা প্রশমনে আবারো আলোচনার ডাক দিয়েছে বেইজিং।
উত্তর কোরিয়ার সঙ্গে বিতর্কিত সমুদ্র সীমান্তে দক্ষিণ কোরিয়ার গোলাগুলির মহড়ায় উত্তেজনা আরেক দফা বেড়ে যাওয়ার পর চীন নতুন করে আলোচনার মধ্য দিয়ে দুপক্ষের সংঘর্ষ এড়ানো এবং সঙ্কট নিরসনের এ আহ্বান জানালো।
দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার ব্যাপারে বেইজিংয়ের প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে অস্ট্রেলিয়ার কর্মকর্তাদের সঙ্গে এক সাংবাদিক সম্মেলনে চীনের পররাষ্ট্রমন্ত্রণালয়ের কর্মকর্তা কুই তিয়াঙ্কাই বলেন, "সংঘর্ষ বা যুদ্ধ উস্কে দেওয়ার অধিকার কারো নেই। আর কোরিয়া উপদ্বীপে দুপক্ষের জনগণের রক্তপাত ঘটানোর অধিকারও কারো নেই।"
তিনি বলেন, "দুপক্ষের মধ্যে যে বিবাদ-বিসম্বাদই থাকুক তা কেবলমাত্র সংলাপ কিংবা আলোচনার মধ্য দিয়েই সমাধান করা যেতে পারে। সংঘাত কিংবা যুদ্ধের মধ্য দিয়ে নয়।"
তিনি আরো বলেন, "চীন সবসময়ই কোরিয়া উপদ্বীপে শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় অবিচল রয়েছে।"
চীনের পাশাপাশি রাশিয়াও দুই কোরিয়াকে সংযত থাকার আহ্বান জানিয়েছে।
কোরিয়া উপদ্বীপ সঙ্কট নিরসনে এর আগে রোববার জাতিসংঘ নিরাপত্তা পরিষদ জরুরি বৈঠকে বসলেও সদস্য দেশগুলো কোনো মতৈক্যে পৌঁছতে পারেনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৬৪২ ঘ.
bdnews24