২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাকে রাজনৈতিক কোন্দলে নতুন সরকার ঘোষণায় বিলম্ব

ইরাকের আইনপ্রণেতারা জানিয়েছেন, রাজনৈতিক কোন্দল ও শেষ মূহুর্তের দরকষাকষিতে নতুন সরকার গঠনের আনুষ্ঠানিক ঘোষণা দিতে দেরী হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Dec 2010, 09:06 AM

Updated : 25 Aug 2022, 07:50 PM

বাগদাদ, ডিসেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইরাকের আইনপ্রণেতারা জানিয়েছেন, রাজনৈতিক কোন্দল ও শেষ মূহুর্তের দরকষাকষিতে নতুন সরকার গঠনের আনুষ্ঠানিক ঘোষণা দিতে দেরী হচ্ছে। মন্ত্রীত্বের পদ বন্টন নিয়ে বিরোধই এই বিলম্বের কারণ। প্রধানমন্ত্রী মালিকির ন্যাশনাল অ্যালায়েন্স ও সুন্নি সমর্থিত ইরাকিয়া রাজনৈতিক জোটের মধ্যে এ বিরোধ দেখা দিয়েছে। নির্বাচনের পর দীর্ঘ নয় মাস ধরে চলা রাজনৈতিক অচলাবস্থা অবসানে সোমবার পার্লামেন্ট অধিবেশনের আগে নতুন ইরাক সরকার গঠনের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার কথা ছিল। মার্চের ওই নির্বাচনে কোনো পক্ষই সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যক আসন না পাওয়ায় দেশটিতে রাজনৈতিক অচলাবস্থা সৃষ্টি হয়। ইরাকি আইনপ্রণেতারা ও পার্লামেন্ট স্পিকারের মুখপাত্র ওমর আল-মাসহাদানি সোমবার জানান পার্লামেন্ট অধিবেশনের ওই দিনের কার্যবিবরণিতে সরকার ঘোষণার ব্যাপারে কিছু উল্লেখ নেই। তবে মালিকির এক মুখপাত্র জানান, নতুন মন্ত্রিসভার সদস্যদের আংশিক তালিকা হলেও তা ঘোষণা করার চেষ্টা করবেন মালিকি। ইরাকি পার্লামেন্টে মন্ত্রিসভা অনুমোদনের চূড়ান্ত সময়সীমা এ সপ্তাহেই শেষ হচ্ছে। সরকার ঘোষণার আগ মূহুর্তে মন্ত্রীপদ বন্টন নিয়ে সৃষ্ট বিবাদ-বিসম্বাদ সাদ্দাম হোসেন উৎখাতের পর বিভিন্ন জাতি ও গোষ্ঠিতে বিভক্ত হয়ে পড়া ইরাকের বাস্তব চিত্রই ফুটিয়ে তুলেছে। মালিকির দাওয়া পার্টির এক নেতা জনান, সরকার ঘোষণায় মালিকির দেরী করার কারণ হচ্ছে, তিনি জোটভুক্ত সব দলকে তাদের মনোনয়ন আবার বিবেচনা করার সুযোগ দিতে চান। যাতে জোট শক্তিশালী হয়। ইরাকিয়া রাজনৈতিক জোটের এক সাংসদ জানান, শীর্ষ নেতারা আশা করছেন বিরোধ দীর্ঘায়িত হবে না। কিন্তু অন্য দায়িত্বশীলরা জানিয়েছেন, সমস্যা সমাধানে দীর্ঘ সময় লাগতে পারে। নতুন এ মন্ত্রিসভায় তেলমন্ত্রী হিসেবে হুসেন আর-শাহরিস্তানি আর পররাষ্ট্রমন্ত্রী হিসেবে কুর্দি প্রতিনিধি হোসিয়ার জেবারি দায়িত্ব পাবেন বলে ধারণা করা হচ্ছে। মালিকির আগের সরকারের তেলমন্ত্রী শাহরিস্তানি ইরাককে বিশ্বের শীর্ষ তেল উৎপাদনকারী দেশে পরিণত করতে চান। দশকব্যাপী যুদ্ধ ও নিষেধাজ্ঞার কবলে পড়ে ধ্বংস হওয়া অবকাঠামো পুনর্র্নিমাণ করতে চাইছে ইরাক। ইরাক সরকারের আয়ের ৯৫ শতাংশ তেল রপ্তানি থেকে আসার কারণে তেলের উৎপাদন উল্লেখযোগ্য হারে বাড়ানোর পরিকল্পনা নিয়েছে দেশটি। বর্তমানের দৈনিক ২৫ লাখ ব্যারেল তেল উত্তোলনের জায়গায় আগামী ছয় থেকে সাত বছর দৈনিক ১ কোটি ২০ লাখ ব্যারেল তেল উত্তোলন করতে চায় ইরাক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/সিআর/এবি/এলকিউ/১৮৪৪ ঘ.