ঢাকা, ডিসেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উত্তর কোরিয়ার যুদ্ধের হুমকি এবং আন্তর্জাতিক মহলের উদ্বেগ ও বিরত থাকার আহ্বান সত্ত্বেও ইয়োনপিয়ং দ্বীপে প্রত্যক্ষ সামরিক মহড়া শুরু করেছে দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী।
সোমবার দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় মহড়া শুরুর কথা জানিয়েছে বলে বিবিসি জানায়।
শনিবার এ সামরিক মহড়া শুরু হওয়ার কথা থাকলেও প্রতিকূল আবহাওয়ার কারণে তা শুরু করা সম্ভব হয়নি।
রাশিয়ার অনুরোধে কোরীয় উপদ্বীপের উত্তেজনা প্রশমনে রোববার জাতিসংঘ নিরাপত্তা পরিষদ জরুরি বৈঠকে বসে। কিন্তু বিষয়টি নিয়ে কোনো সমঝোতায় পৌঁছাতে ব্যর্থ হয় নিরাপত্তা পরিষদ।
তারপরও এ সামরিক মহড়া স্থগিত করার জন্য দক্ষিণ কোরিয়ার প্রতি আহ্বান জানায় রাশিয়া।
নিরাপত্তা পরিষদের আট ঘণ্টার বৈঠক শেষে জাতিসংঘে রাশিয়ার রাষ্ট্রদূত ভিতালি চারকিন বলেন, "এখন এ সামরিক মহড়া দেওয়া থেকে বিরত থাকাই ভালো।"
নভেম্বরে এই ইয়োনপিয়ং দ্বীপেই উত্তরের গোলা হামলায় ২ বেসামরিক নাগরিকসহ ৪ জন নিহত হয়। ওই ঘটনায় কোরীয় উপদ্বীপে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এর কয়েকদিন পর পীত সাগরে যৌথ সামরিক মহড়া চলায় যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া।
দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী জানিয়েছিলো, পরিকল্পনা অনুযায়ী পশ্চিম উপকূলের ৮০ কিলোমিটারের ওই ক্ষুদ্র দ্বীপে ১৮ থেকে ২১ ডিসেম্বরের সামরিক মহড়া চলবে।
শুক্রবার উত্তর কোরিয়া হুমকি দিয়ে বলে, দক্ষিণ কোরিয়া বিতর্কিত ওই দ্বীপে পরিকল্পনামাফিক সামরিক মহড়া চালালে আবার হামলার মুখে পড়বে এবং তা হবে গত মাসের হামলার চেয়েও ভয়ঙ্কর।
এ পরিস্থিতিতে শুক্রবার বেইজিং উভয়পক্ষকে সহনশীলতার পরিচয় দিতে আহ্বান জানায়।
কোরীয় উপদ্বীপে স্থিতিশীলতা বজায় রাখার আহ্বান জানিয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জিয়াং উ এক বিবৃতিতে বলেন, "কোরীয় উপদ্বীপের বর্তমান অবস্থা খুবই জটিল এবং স্পর্শকাতর। বিষয়টি নিয়ে চীন খুব উদ্বিগ্ন।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/সিআর/১২২২ ঘ.
bdnews24