আবিদজান, ডিসেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আইভরি কোস্টে ক্ষমতা হস্তান্তর নিয়ে সৃষ্ট সহিংসতায় ৫০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে বলে দাবি করছে জাতিসংঘ। অন্যদিকে, জীবন দিয়ে হলেও বর্তমান প্রেসিডেন্ট লরেন্ট জিব্যাগবোকে ক্ষমতায় রাখার ঘোষণা দিয়েছে তার সমর্থকরা।
রোববার জাতিসংঘের মানবাধিকার কমিশনার নাভি পিল্লাই এক বিবৃতিতে জানান, আইভরি কোস্টে ব্যাপক সহিংসতার প্রমাণ রয়েছে।
তিনি জানান, গত তিনদিনে নির্বাচন পরবর্তী ক্ষমতা হস্তান্তর নিয়ে সহিংসতায় ৫০ জনেরও বেশি মানুষ মারা গেছে।
মৃত্যু ও আটকের ঘটনার খবরাখবরে উদ্বেগের সৃষ্টি হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।
বিবৃতিতে পিল্লাই বলেন, "জনগণ যখন বিচারবহির্ভূতভাবে হত্যার শিকার হয় তখন অবশ্যই তা তদন্তের দাবি রাখে।"
অন্যদিকে, জিব্যাগবোপন্থী এক যুব সমাবেশ থেকে তাকে ক্ষমতায় রাখার ঘোষণা দেওয়া হয়েছে।
চার্লস ব্লি গোওডে নামের জিব্যাগবোর এক সমর্থক সমাবেশে ঘোষণা দেন, "আমাদের নিজস্ব একটি যুদ্ধ রয়েছে, আর তা হচ্ছে আমাদের আত্মমর্যাদা ও আমাদের স্বাধীনতার। এবং তাকে অবশ্যই সম্মান করতে হবে। আমরা কাকে প্রেসিডেন্ট হিসেবে চাই সেটা একান্তই আমাদের বিষয়।"
গোওডে আরো বলেন, "এই যুদ্ধ আমরা ২০০২ সালে শুরু করেছি...। এর জন্য আমরা মরতে প্রস্তুত।"
চলতি মাসে চার্লস ব্লি গোওডেকে জিব্যাগবোর মন্ত্রিসভার যুবমন্ত্রী হিসেবে মনোনীত করা হয়।
জাতিসংঘের নিষেধাজ্ঞা তালিকায় ২০০৬ সাল থেকে ব্লি গোওডের নাম রয়েছে। সহিংসতার পক্ষে ওকালতি করে বিবৃতি দেওয়ায় তার বিরুদ্ধে এই পদক্ষেপ নেয় জাতিসংঘ।
এর আগে শনিবার জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর ও ফ্রান্সের সেনাদের আইভরি কোস্ট ছেড়ে যাওয়ার নির্দেশ দেন প্রেসিডেন্ট লরেন্ট জিব্যাগবো। কিন্তু সেই আহ্বানে সাড়া দেননি জাতিসংঘ মহাসচিব বান কি মুন।
গত ২৮ নভেম্বর দেশটিতে এক দশক পর দীর্ঘ প্রতীক্ষিত নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে দেশটির নির্বাচন কমিশন বিরোধীদলীয় নেতা আলাসানে ওয়াত্তারাকে বিজয়ী ঘোষণা করলেও জিব্যাগবোর এক মিত্রর নেতৃত্বাধীন সাংবিধানিক পরিষদ এই ফলাফল বাতিল করে দেয়।
এরপর জিব্যাগবো ও ওয়াত্তারা পৃথকভাবে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন।
জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন, আফ্রিকান ইউনিয়ন সহ আন্তর্জাতিক স
bdnews24