২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মেক্সিকোয় তেলের পাইপলাইন বিস্ফোরণে নিহত ২৮

মেক্সিকোর মধ্যাঞ্চলীয় পুয়েবলা প্রদেশের একটি তেল পাইপলাইন বিস্ফোরণে অন্ততপক্ষে ২৮ জন নিহত হয়েছে। এতে আহত হয়েছে অনেকে। কর্মকর্তাদের সূত্রে এ খবর জানা গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Dec 2010, 04:35 AM

Updated : 25 Aug 2022, 07:50 PM

মেক্সিকো সিটি, ডিসেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মেক্সিকোর মধ্যাঞ্চলীয় পুয়েবলা প্রদেশের একটি তেল পাইপলাইন বিস্ফোরণে অন্ততপক্ষে ২৮ জন নিহত হয়েছে। এতে আহত হয়েছে অনেকে। কর্মকর্তাদের সূত্রে এ খবর জানা গেছে। রোববার ভোরে তেলচোরেরা পাইপ কেটে তেল চুরির সময় এ বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের ফলে রাস্তায় তেল ছড়িয়ে পড়ে এবং আগুন ধরে যায়। এতে বেশকিছু ঘরবাড়ি ও গাড়ি পুড়ে যায়। শত শত মানুষ বাড়ি ছেড়ে অন্যত্র নিরাপদ আশ্রয়ে সরে যায়। বিবিসিসূত্রে জানা গেছে, মেক্সিকোর প্রেসিডেন্ট ফিলিপ কাল্ডেরন এ ঘটনায় নিহতদের পরিবারের প্রতি শোক প্রকাশ করেছেন। তিনি এর তদন্ত হবে বলে অঙ্গীকার করেন। পুয়েবলা প্রদেশের কর্মকর্তা ভেলেন্টিন মেনেসেস জানান, বিস্ফোরণে ৫২ জন আহত হয়েছে। এতে ৩২ টি বাড়ি ধ্বংস হয়েছে। মেনেসেস আরো জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তেল চুরির উদ্দেশ্যে একটি অপরাধীচক্র পাইপলাইন কেটে থাকতে পারে। তিনি বলেন, "উচ্চ চাপের কারণে ওগুলো (পাইপ) তাদের নিয়ন্ত্রণ হারায় এবং রাস্তায় তেল ছড়িয়ে পড়ে। এরপর হঠাৎই আগুন ধরে যায়। আমরা দেখতে পাই, রাস্তা নয় যেন আগুনের নদী।" মেক্সিকোর রাষ্ট্রীয় খনিজ তেল কোম্পানি পিমেক্স জানায়, পাইপলাইন থেকে তেলচুরি একটি ধারাবাহিক সমস্যা, যা দীর্ঘদিন ধরেই চলছে। প্রতি বছর কোটি কোটি ডলার মূল্যের তেল এভাবে লোপাট হয়ে যায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১০১২ঘ.