কাবুল, ডিসেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পৃথক দুই আত্মঘাতী হামলায় রোববার আফগানিস্তানের নিরাপত্তা বাহিনীর ছয় সদস্যের মৃত্যু হয়েছে।
কর্মকর্তারা জানিয়েছেন, রাজধানী কাবুল এবং উত্তরাঞ্চলীয় কুন্দুজ শহরের ওই হামলার সময় নিরাপত্তা বাহিনীর সদস্যদের গুলিতে পাঁচ হামলাকারীরও মৃত্যু হয়।
কাবুলের ডেপুটি পুলিশ প্রধান খলিলুল্লা দস্তিয়ার সাংবাদিকদের জানান, জ্যাকেটে বিস্ফোরকভর্তি দুই জঙ্গি সেনাদের বহনকারী বাসটিতে প্রথমে গুলি চালায়। তবে বিস্ফোরণ ঘটানোর আগেই গুলি করে তাদেরকে হত্যা করা হয়। গুলিতে তাদের শরীরে থাকা বিস্ফোরকের বিস্ফোরণ হয়। এতে এক আফগান সেনার মৃত্যু হয়।
গত সাত মাসের মধ্যে রাজধানীতে হওয়া বড় ধরনের হামলা ছিলো এটি। এক তালেবান মুখপাত্র কাবুলে এ হামলার দায়দায়িত্ব স্বীকার করেছেন।
কর্মকর্তারা আরো জানান, কুন্দুজ শহরের একটি সেনা নিয়োগ কেন্দ্রে তিন আত্মঘাতীর বোমা হামলায় পাঁচ আফগান সেনা ও পুলিশ নিহত হয়েছে। এ সময় নিরাপত্তা বাহিনীর গুলিতে ওই তিন হামলাকারীরও মৃত্যু হয়।
জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল এ হামলার আগের দিনই কুন্দুজ শহর পরিদর্শন করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এজে/১৪১৫ ঘ.
bdnews24