ব্রাজিল, ডিসেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ব্রাজিলের প্র্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা ডি সিলভা জানিয়েছেন, প্রেসিডেন্টের দায়িত্ব ছাড়ার পর তিনি আফ্রিকার দারিদ্র নিরসনে কাজ করবেন।
শুক্রবার ব্রাজিলে দক্ষিণ আমেরিকার শীর্ষ নেতাদের এক আন্তর্জাতিক সম্মেলনে তিনি একথা জানান।
তার জাতিসংঘ মহাসচিব হতে চাওয়া নিয়ে যে গুজব আছে এ সময় তা নাকচ করেন তিনি।
লুলার জন্য ব্রাজিলের প্রেসিডেন্ট হিসেবে সর্বশেষ কোনো আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণ ছিলো সেটি। ল্যাটিন আমেরিকার বাণিজ্য জোটের ওই শীর্ষ সম্মেলনে ৬৫ বছর বয়সী লুলাকে অন্য নেতারা সে অঞ্চলের নেতৃত্ব দেওয়ার অনুরোধ জানান।
সম্মেলনে বলিভিয়ার প্রেসিডেন্ট ইভো মোরালেস লুলাকে জাতিসংঘ মহাসচিব হওয়ারও প্রস্তাব দেন।
মোরালেসের প্রস্তাবের ব্যাপারে প্রতিক্রিয়া জানতে চাইলে সাংবাদিকদের তিনি বলেন, "জাতিসংঘ পরিচালনায় প্রয়োজন একজন দক্ষ আমলা, শক্তিশালী কোনো রাজনীতিক নন।"
"সবাই জানে, আমি ল্যাটিন আমেরিকান দলগুলোকে সংঘটিত করার কাজে সহায়তা করতে চাই। সবাই এ-ও জানে, আমি আফ্রিকার দরিদ্রদের সহায়তার জন্য ব্রাজিলের সাফল্যের অভিজ্ঞতা কাজে লাগাতে চাই", বলেন লুলা।
ব্রাজিলে আট বছরের প্রেসিডেন্ট মেয়াদকালে উদ্ভাবনী সামাজিক উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে লাখ লাখ মানুষকে দারিদ্রমুক্ত করেছেন লুলা। আফ্রিকার উন্নয়নে সেখানকার বিভিন্ন দেশের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক স্থাপন এবং কৃষিখাতে সহায়তা করায়ও সচেষ্টা ছিলেন তিনি।
লুলার শাসনামলে ব্রাজিলের বিকাশমান অর্থনীতি তাকে দেশটির সবচেয়ে জনপ্রিয় প্রেসিডেন্টে পরিণত করেছে। চলতি সপ্তাহের এক জরিপে দেখা গেছে, বিদায়ী মুহূর্তেও তার সমর্থন রয়েছে শতকরা ৮৭ ভাগ। যেখানে তার উত্তরসূরি দিলমা রৌসেফের সমর্থন রয়েছে শতকরা ৬২ ভাগ।
প্রেসিডেন্ট নির্বাচনে রৌসেফকে সমর্থন দিয়েছিলেন লুলা। ধারণা করা হচ্ছে, পূর্বসূরির নীতি বাস্তয়নে এগিয়ে যাবেন তিনি।
শীর্ষ সম্মেলনে আসা নেতারা লুলাকে ল্যাটিন আমেরিকার স্বপ্ন বাস্তবায়নকারী নেতা হিসেবে অভিহিত করে তাকে অঞ্চলটির প্রতিনিধিত্ব করার অনুরোধ জানান।
চিলির প্রেসিডেন্ট সেবাস্তিয়ান পিনেরা বলেন, "লুলা শুধু ল্যাটিন আমেরিকার জন্যই গুরুত্বপূর্ণ নেতা নন; পুরো বিশ্বের জন্যই।"
পিনেরা ১৯৭৭ সালে মারকানা স্টেডিয়ামে পেলের বিদায় মুহূর্তে দর্শকদের আকুতির পুনারাবৃত্তি করে বলেন, "থেকে যাও লুলা।"
তবে লুলা জানান, তিনি কোনো পদ ছাড়াই প্রিয় ল্যাটিন আমেরিকার উন্নয়নে ভূমিকা রাখতে পারবেন। এজন্য প্রয়োজন শুধু সবার সমর্থন।
এক সময়কার কারখানা শ্রমিক লুলা ডি সিলভা আগামী ১ জানুয়ারি ব্রাজিলের প্রেসিডেন্ট পদের দায়িত্ব ছাড়ছেন। তারপর প্রেসিডেন্ট প্রাসাদ ছেড়ে ফিরে যাবেন সাও পাওলোর নগরকেন্দ্র থেকে দূরের নিজ অ্যাপার্টমেন্টে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এজে/এএইচ/১৬৫৯ ঘ.
bdnews24