২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যৌন নিপীড়নের অভিযোগ নোংরা প্রচারণার অংশ: অ্যাস্যাঞ্জ

যৌন নিপীড়নের অভিযোগে সুইডেনে হস্তান্তরের চেষ্টাকে 'নোংরা' প্রচারণার অংশ বলে মন্তব্য করেছেন উইকিলিক্সের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাস্যাঞ্জ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Dec 2010, 08:47 AM

Updated : 25 Aug 2022, 07:49 PM

ঢাকা, ডিসেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যৌন নিপীড়নের অভিযোগে সুইডেনে হস্তান্তরের চেষ্টাকে 'নোংরা' প্রচারণার অংশ বলে মন্তব্য করেছেন উইকিলিক্সের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাস্যাঞ্জ। বৃহস্পতিবার লন্ডনের উচ্চ আদালত থেকে জামিনে মুক্তি পেয়ে তিনি এ কথা বলেন। পাশাপাশি ইরাক-আফগান যুদ্ধ ও যুক্তরাষ্ট্রের কূটনৈতিক গোপন তথ্য ফাঁস করে দেওয়ার ধারাবাহিকতায় আরো তথ্য ফাঁস করবেন বলে তিনি জানান। জামিনে মুক্তি পেলেও অ্যাস্যাঞ্জকে সুইডেনে হস্তান্তরের আইনি প্রচেষ্টা অব্যাহত রয়েছে। তবে সুইডিশ কৌঁসুলিদের তোলা যৌন নিপীড়নের অভিযোগ বরাবরই প্রত্যাখ্যান করেছেন অ্যাস্যাঞ্জ। বিবিসি নিউজনাইট-এ ৩৯ বছর বয়সী অ্যাস্যাঞ্জ তার বিরুদ্ধে মামলা সম্পর্কে বলেন, আমার মনে হয় ব্যক্তিগত, অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক পর্যায়ে বেশকিছু স্বার্থ আমার বিরুদ্ধে কাজ করছে, যা বিষয়টিকে সামনে নিয়ে আসার ব্যাপারে মদদ যোগাচ্ছে। বৃহস্পতিবার কঠোর শর্তসাপেক্ষে কারাগার থেকে মুক্তি পেয়েছেন অ্যাস্যাঞ্জ। মুক্তি পাওয়ার পর তিনি তার এক সমর্থক সাংবাদিক ফন স্মিথের বাসভবনে রয়েছেন। স্মিথ লন্ডনের 'ফ্রন্টলাইন ক্লাব'র স্বত্বাধিকারী। এই ক্লাবটি উইকিলিক্সের ব্রিটিশ শাখা হিসেবে কাজ করে। মুক্তি পাওয়ার পর বিবিসির সঙ্গে আলাপে অ্যাস্যাঞ্জ জানান, যুক্তরাষ্ট্রে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে বলে একটি গুজব তার আইনজীবীর কাছে এসেছে। তবে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের এক মুখপাত্র শুধু এটুকু নিশ্চিত করেছে, 'উইকিলিক্সের ব্যাপারে তদন্ত অব্যাহত রয়েছে।" অবশ্য এত বৈরি অবস্থার মধ্যেও অ্যাস্যাঞ্জ বেশ কয়েকজন প্রভাবশালী সমর্থক পেয়েছেন। এদের মধ্যে মানবাধিকার আন্দোলনকারী জেমিমা খান, বিয়াঙ্কা জেগার এবং চলচ্চিত্র পরিচালক কেন লোচও রয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১৪২৩ঘ.