২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'উগ্র হিন্দুদের নিয়ে বেশি ভয় রাহুলের'

মুসলিম জঙ্গি নয়, বরং উগ্র হিন্দু গোষ্ঠীগুলোকে ভারতের জন্য বড় হুমকি মনে করেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী, যা তিনি যুক্তরাষ্ট্রের এক কংগ্রেস সদস্যকে বলেছিলেন বলে উইকিলিক্সের ফাঁস করা এক তারবার্তায় প্রকাশ হলো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Dec 2010, 04:23 AM

Updated : 25 Aug 2022, 07:49 PM

নয়া দিল্লি, ডিসেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুসলিম জঙ্গি নয়, বরং উগ্র হিন্দু গোষ্ঠীগুলোকে ভারতের জন্য বড় হুমকি মনে করেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী, যা তিনি যুক্তরাষ্ট্রের এক কংগ্রেস সদস্যকে বলেছিলেন বলে উইকিলিক্সের ফাঁস করা এক তারবার্তায় প্রকাশ হলো। উইকিলিক্সের ফাঁস করা এক তারবার্তায় এ তথ্য প্রকাশ হয়েছে বলে শুক্রবার এনডিটিভি ও হিন্দুস্থান টাইমস প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে। এতে বলা হয়েছে, ২০০৯ সালের অগাস্ট মাসে কংগ্রেস সদস্য টিম রোয়েমারের এক তার বার্তায় বলেছেন- "রাহুল বলেছেন, ভারতের মুসলিম সম্প্রদায়ের কিছু অংশের মধ্যে লস্কর-ই তৈয়বার কাজ থাকলেও সম্ভবত তার চেয়ে বড় হুমকি হচ্ছে উগ্র হিন্দু গোষ্ঠীর বিস্তার। যা সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করে রাজনৈতিক স্থিতিশীলতাকে বিনষ্ট করতে পারে।" একটি মধ্যাহ্ন ভোজে রাহুল একথা বলেন বলে তারবার্তায় বলেছেন টিম। ইউকিলিক্সের এ তথ্য ফাঁস দাদি ও বাবার পথ ধরে ভারতের প্রধানমন্ত্রী হতে যাওয়া রাহুলের ওপর নতুন করে আক্রমণ শানানোর জন্য বিরোধী দল বিজেপির হাতে অস্ত্র তুলে দিলো বলে ভারতীয় বিশ্লেষকরা মনে করছেন। টিমের তারবার্তা অনুযায়ী রাহুল তাকে আরো বলেছেন, "পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠনগুলোর পাশাপাশি ভারতের মাটিতে বেড়ে ওঠা চরমপন্থী সংগঠনগুলোর বিস্তার উদ্বেগজনক এবং তা গভীরভাবে পর্যবেক্ষণে রাখতে হবে।" নয়া দিল্লি থেকে ওয়াশিংটনে পাঠানো ৩ হাজার ৩৮টি তারবার্তা সম্প্রতি ফাঁস করেছে উইকিলিক্স, রাহুলকে নিয়ে টিমের এ বার্তা তারই একটি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআই/১০১০ ঘ.