২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিপির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের মামলা

মেক্সিকো উপসাগরে তেলকূপ দুর্ঘটনায় ব্রিটিশ পেট্রোলিয়াম (বিপি) ও সংশ্লিষ্ট চারটি কোম্পানির বিরুদ্ধে মামলা করেছে ওবামা প্রশাসন। যুক্তরাষ্ট্রের পরিবেশ আইন ভঙ্গ করার অভিযোগে বুধবার এই মামলা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Dec 2010, 09:47 AM

Updated : 25 Aug 2022, 07:48 PM

ওয়াশিংটন, ১৬ ডিসেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মেক্সিকো উপসাগরে তেলকূপ দুর্ঘটনায় ব্রিটিশ পেট্রোলিয়াম (বিপি) ও সংশ্লিষ্ট চারটি কোম্পানির বিরুদ্ধে মামলা করেছে ওবামা প্রশাসন। যুক্তরাষ্ট্রের পরিবেশ আইন ভঙ্গ করার অভিযোগে বুধবার এই মামলা হয়। মামলায় ওই কোম্পানিগুলোর বিরুদ্ধে নিরাপত্তাবিধি না মানার অভিযোগ আনা হয়েছে। কোম্পানিগুলো হচ্ছে, বিপি এক্সপ্লোরেশন এন্ড প্রোডাকশন ইনকর্পোরেশন, ট্রান্সওশান লি., অ্যানাডার্কো পেট্রলিয়াম কর্পোরেশন, মিতসুই এন্ড কোম্পানি লি.-এর এমওইএক্স ইউনিট এবং বিপির বীমকারক প্রতিষ্ঠান লয়েডস অব লন্ডন। তেলকূপ দুর্ঘটনায় তেল নিঃসরণজনিত পরিবেশ বিপর্যয়ে কোম্পানিগুলোর ভূমিকার জন্য তাদের বিরুদ্ধে অভিযোগ তোলা হয়। চলতি বছরের ২০ এপ্রিল যুক্তরাষ্ট্রের মেক্সিকো উপসাগরে এক দুর্ঘটনায় তেলকূপ থেকে তেল নিঃসরণ শুরু হয়। দেশটির ইতিহাসে এটিই সমুদ্রে তেল ছড়িয়ে পড়ে পরিবেশ বিপর্যয়ের সবচেয়ে বড় দুর্ঘটনা। যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ জানিয়েছে তদন্ত এখনও চলছে। এতে অন্য কারো বিরুদ্ধে অভিযোগ এলে তাদেরকেও বিচারের আওতায় আনা হবে। ২০ এপ্রিলের ওই দুর্ঘটনায় সাগরের গভীরে তেলকূপের একটি রিগ বিস্ফোরিত হলে ১১ জন শ্রমিক নিহত হয়। সেই সঙ্গে কয়েকমাস ধরে ৪৯ লাখ ব্যারেল তেল সাগরে ছড়িয়ে পড়ে ভয়াবহ পরিবেশ বিপর্যয় ঘটায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১৫৪৩ ঘ.