ওয়াশিংটন, ডিসেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আসন্ন ২০১১ সাল নিয়ে খুব বেশি আশাবাদী নয় মার্কিন নাগরিকেরা। কর্মসংস্থান, জীবনযাত্রার মান ও অবসরকালীন সঞ্চয় ইত্যাদি নিয়ে নানা দুঃশ্চিন্তার মধ্যদিয়েই ২০১০ সাল পার করেছে তারা।
পিউ রিসার্চ সেন্টার ফর দ্য পিপল অ্যান্ড প্রেস পরিচালিত এক জরিপে মার্কিন নাগরিকদের এই হতাশার চিত্র উঠে আসে। জরিপের ফলাফল বুধাবার প্রকাশিত হয়।
জরিপে অংশগ্রহণকারী চার ভাগের তিনভাগ মার্কিনি দেশের জাতীয় অবস্থা এবং আসন্ন অর্থনৈতিক দৈন্য কাটাতে দীর্ঘসূত্রিতার বিষয়ে অসন্তোষ প্রকাশ করেছেন।
প্রতি দশ জনের নয় জনই যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক করুণ অবস্থার কথা উল্লেখ করেছেন। তবে কেউ কেউ অক্টোবর থেকে অর্থনীতির অবস্থার উন্নতি হয়েছে বলে মত দিয়েছেন।
মোট অংশগ্রহণকারীদের মধ্যে প্রায় ৫৫ ভাগের ধারণা ২০১০ সালের চেয়ে ২০১১ সাল তুলনামূলকভাবে ভালো কাটবে। বিপরীতে প্রায় ৩৩ ভাগের আশঙ্কা আসন্ন বছরটি ভালো কাটবে না।
জরিপে উল্লেখ করা হয়, এই মতামত গত বছরের চেয়ে বেশি হতাশাজনক যেখানে গত বছর প্রায় ৬৭ ভাগ মার্কিনি আশা করেছিলেন ২০০৯ সালের চেয়ে ২০১০ সাল বেশি ভালো যাবে।
রিসার্চ সেন্টারটির পরিচালক ক্যারোল ডরোথি বলেন গত বছরের ফলাফল এ বছরের চেয়ে বেশি আশাব্যঞ্জক ছিল।
তিনি আরো বলেন, "এ বছর জনগণ সম্ভবত একটু বেশি উত্তেজিত।"
১ থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত প্রায় ১৫শ' প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিকের সঙ্গে টেলিফোনে জরিপটি পরিচালনা করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআর/সিআর/১৫০০ ঘ.
bdnews24