২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চীন, ভারত প্রতিযোগী নয়: জিয়াবাও

চীন ও ভারত একে অপরের প্রতিযোগী নয় বরং সহযোগী। চীনের প্রধানমন্ত্রী ওয়েন জিয়াবাও বুধবার ভারত সফরকালে একথা বলেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Dec 2010, 12:50 PM

Updated : 25 Aug 2022, 07:48 PM

নয়াদিল্লি, ডিসেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- চীন ও ভারত একে অপরের প্রতিযোগী নয় বরং সহযোগী। চীনের প্রধানমন্ত্রী ওয়েন জিয়াবাও বুধবার ভারত সফরকালে একথা বলেছেন। বিশ্বে চীন ও ভারতের বিকাশের অনেক ক্ষেত্র আছে উল্লেখ করে জিয়াবাও বলেন, "সহযোগিতার ক্ষেত্রে চীন ও ভারত একে অপরের সহযোগী। তারা প্রতিযোগিতায় লিপ্ত দুই প্রতিপক্ষ নয়।" নয়াদিল্লিতে চীন-ভারত বাণিজ্য সহযোগিতা সম্মেলনে বুধবার দেওয়া ভাষণে তিনি আরো বলেন, "কিছু গণমাধ্যম চীন ও ভারতকে একে অপরের প্রতিদ্বন্দ্বী বলে প্রচার করে...আমি এই দৃষ্টিভঙ্গির সঙ্গে একমত নই" । এ মন্তব্যের মধ্য দিয়ে জিয়াবাও দুদেশের মধ্যে বিরাজমান অবিশ্বাসই দূর করার চেষ্টা নিয়েছেন বলে মনে করা হচ্ছে। পারস্পরিক অবিশ্বাসের সম্পর্কের মধ্যেই বাণিজ্য সহযোগিতা বাড়াতে ভারতে তিনদিনের রাষ্ট্রীয় সফর শুরু করেছেন চীনের প্রধানমন্ত্রী ওয়েন জিয়াবাও। বিশ্ব বাণিজ্য ও বিশ্ব উষ্ণায়ন নিয়ে আলোচনায় দু'দেশ সম্মিলিতভাবে পশ্চিমা বিশ্বের চাপ প্রতিরোধ করলেও সীমান্ত সমস্যা, তিব্বতের আধ্যাত্মিক নেতা দালাই লামার ভারতে অবস্থান এবং পাকিস্তানের সঙ্গে চীনের ঘনিষ্ঠ সম্পর্কসহ আরো কিছু সমস্যার কারণে চীন-ভারত সম্পর্ক সংঘাতময় হয়ে আছে। ভারত ও চীনের মধ্যে বাণিজ্য সম্পর্কের প্রসার ঘটানোর পাশাপাশি দ'ুদেশের মধ্যকার এ সংঘাত ও অবিশ্বাস কমানো জিয়াবাওয়ের এ সফরের লক্ষ্য। গত পাঁচ বছরের মধ্যে কোন চীনা প্রধানমন্ত্রীর এটাই প্রথম ভারত সফর। প্রায় ৪০০ চীনা ব্যবসায়িক প্রতিনিধি জিয়াবাওয়ের সফরসঙ্গী হিসেবে ভারতে গেছেন। সফরকালে ভারতের তথ্য প্রযুক্তি, ঔষধশিল্প ও কৃষিশিল্প চীনে প্রবেশে বড় ধরনের ছাড় দেওয়ার আভাস দিয়েছেন জিয়াবাও। ভারত-চীন বাণিজ্য সহযোগিতা বিষয়ক এক সম্মেলনে চীনা প্রধানমন্ত্রী ভারতের শীর্ষস্থানীয় ব্যবসায়ী নেতাদের বলেন, চীনের কোম্পানিগুলো ভারতের সঙ্গে ১৬ বিলিয়ন ডলারেরও বেশি মূল্যের আরো চুক্তি সই করবে। চীন ভারতের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার। চলতি অর্থ বছরে চীন ও ভারতের বাণিজ্যের মোট পরিমাণ ৬০ বিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে। চলতি অর্থবছর ২০১১ সালের মার্চে শেষ হবে। সফরকালে জিয়াবাও ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং, কংগ্রেস পার্টি প্রধান সোনিয়া গান্ধী ও ভারতীয় পররাষ্ট মন্ত্রী এসএম কৃষ্ণার সঙ্গে বৈঠক করবেন। চীন ও ভারত বর্তমানে পৃথিবীর সবচেয়ে দ্রুত বিকাশমান অর্থনীতির দেশ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এলকিউ/২০০৬ ঘ.