ঢাকা, ডিসেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাবেক কসোভো লিবারেশন আর্মি (কেএলএ)'র কমান্ডারদের বিরুদ্ধে মানব অঙ্গ ও মাদক চোরাচালানসহ গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ পাওয়া গেছে, যার মধ্যে কসোভোর বর্তমান প্রধানমন্ত্রীর নামও রয়েছে।
'দ্য কাউন্সিল অব ইউরোপ'র মানবাধিকার সংগঠনের এক প্রতিবেদনে এ অভিযোগ তোলা হয়। ওই সংগঠনের খসড়া প্রতিবেদনটি বিবিসি পর্যবেক্ষণ করেছে, যা বৃহস্পতিবার প্রকাশিত হওয়ার কথা রয়েছে।
প্রতিবেদনে কসভোর বর্তমান প্রধানমন্ত্রী ও কেএলএ'র যুদ্ধকালীন নেতা হাসিম থাচির নাম অন্তত ২৭ বার উল্লেখ করা হয়েছে।
তবে প্রতিবেদনের এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে কসোভো সরকার। তারা একে 'ভিত্তিহীন এবং মানহানিকর' আখ্যা দিয়েছে।
দ্য কাউন্সিল অব ইউরোপের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত ডিক মার্টি দীর্ঘ দুইবছর তদন্ত করে ওই খসড়া প্রতিবেদন তৈরি করেন।
২০০৯ সালের এপ্রিলে বিবিসির বিশেষ তদন্ত প্রতিবেদনের সঙ্গে এই তদন্ত প্রতিবেদনে উল্লেখিত অনেককিছুই অভিন্ন বলে নিশ্চিত হওয়া গেছে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, যুদ্ধকালীন থাচির নেতৃত্বাধীন কেএলএ পরিকল্পিত অপরাধ ঘটিয়েছে। এসব অপরাধের মধ্যে মাদক চোরাচালান ও মানব অঙ্গ পাচারের মতো গুরুতর অপরাধও রয়েছে।
বর্তমান সময় পর্যন্ত পরিকল্পিত অপরাধের বিভিন্ন তথ্য-প্রমাণ ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
ওই প্রতিবেদনের খবরে প্রাথমিক প্রতিক্রিয়া হিসেবে একে 'মিথ্যাচার' আখ্যা দিয়ে এর বিরুদ্ধে কসোভো সরকার আইনি ও রাজনৈতিক পদক্ষেপ নেওয়ার হুমকি দিয়েছে।
বৃহস্পতিবার স্টাসবোর্গ-এ দ্য কাউন্সিল অব ইউরোপের আইন ও মানবাধিকার বিষয়ক কমিটির কাছে এই প্রতিবেদন উপস্থাপনের কথা রয়েছে।
এর আগে গত রোববার তিন বছর আগে সার্বিয়া থেকে একতরফা স্বাধীনতা ঘোষণার পর কসোভোয় প্রথম ঐতিহাসিক পার্লামেন্ট নির্বাচনে জয় দাবি করেছেন দেশটির প্রধানমন্ত্রী হাসিম থাচি।
হাসিম থাচির নেতৃত্বাধীন সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি (পিডিকে) বর্তমানে ক্ষমতাসীন।
বিভিন্ন পশ্চিমা দেশ কসোভোর স্বাধীনতার স্বীকৃতি দিলেও কসোভো এখনও জাতিসংঘের সদস্য দেশ নয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১২০০ঘ.
bdnews24